আরও ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট

· Prothom Alo

আবারও বড় অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিলেন বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছেন তিনি। এসব সংস্থার নেতৃত্বে আছেন তাঁর তিন সন্তান।

গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে বাফেট এ ঘোষণা দেন। একই সঙ্গে জানান, ৬০ বছর ধরে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা আগের মতোই অটুট।

Visit biznow.biz for more information.

বার্কশায়ারের শেয়ারহোল্ডার উদ্দেশে বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন বার্তায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ক্লাস বি শেয়ার দানের কথা জানান ৯৬ বছর বয়সী বাফেট। চারটি সংস্থা হলো সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।

এই দানের পর তাঁর সন্তানদের নেতৃত্বাধীন এসব দাতব্য সংস্থায় বার্কশায়ারের দানের পরিমাণ দাঁড়াবে মোট ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার। বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটারের বয়স যথাক্রমে ৭৩, ৭১ ও ৬৮ বছর। তবে এখনো বার্কশায়ারের প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিকানা বাফেটের হাতে।

শুধু নিজের পরিবারের দাতব্য সংস্থায় নয়, বাইরের প্রতিষ্ঠানেও দান করেছেন বাফেট। ২০০৬ সাল থেকে বিল গেটস ফাউন্ডেশনে বার্কশায়ারের ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দান করেছেন বাফেট। তবে গত বছর এই দান বন্ধ করে দেন তিনি। বিল গেটসের সঙ্গে প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এ সিদ্ধান্ত নেন বাফেট। যদিও এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য একাধিকবার অনুশোচনা করেছেন গেটস।

সন্তানদের ওপর আস্থা

বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন বাফেট। সাধারণত কোম্পানির প্রতিষ্ঠাতা, বড় কর্তা ও পরিচালকদের দীর্ঘদিনের অবদান ও প্রভাবের স্বীকৃতি হিসেবে এ সম্মানসূচক পদ দেওয়া হয়। অর্থাৎ তাঁরা অবসর নিলে এই পদ দেওয়া হয়।

২০২৫ সালের শেষ দিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়েন বাফেট। গত সেপ্টেম্বরে চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান তিনি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন গ্রেগ অ্যাবেল। এ ছাড়া বার্কশায়ারের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হন হাওয়ার্ড বাফেট।

সর্বশেষ দানের আগে ফোর্বসের হিসাবে ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ছিল ১৬ হাজার ৮৪০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল সপ্তম।

বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত বাফেট শেয়ারহোল্ডারদের বলেছেন, বার্কশায়ারের ভবিষ্যৎ নিয়ে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আশাবাদী। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেল তাঁর প্রত্যাশা ছাড়িয়ে গেছেন।

গতকালের বার্তায় বাফেট লিখেছেন, ‘এই আস্থা আগের মতোই অটুট।’

গত জুলাইয়ে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটসের সঙ্গে এপস্টিনের সম্পর্ককে ‘অরুচিকর’ বলে মন্তব্য করেছিলেন বাফেট। তবে সন্তানদের বয়স বাড়ছে এবং তাঁরা বাবার সম্পদ দাতব্য কাজে ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছেন—এ বিবেচনায় পারিবারিক দাতব্য সংস্থাগুলোর দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০৩৪ সালের মধ্যে অঙ্গীকার অনুযায়ী সব শেয়ার দান করে দিতে চান বাফেট।

গতকালের বার্তায় তিনি বলেছেন, ‘আমার সন্তানেরা কয়েক দশক ধরে বিভিন্ন কল্যাণকর কাজে অনুদান দিয়ে আসছে। তাদের সক্ষমতা ও বিশ্বস্ততার ওপর আমার শতভাগ আস্থা আছে। তাঁরা বিচার-বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নিচ্ছেন’।

ভালো কাজের সুফল

বার্কশায়ার হ্যাথাওয়ের মালিকানায় আছে কয়েক ডজন ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্যে আছে গাড়ির বিমা প্রতিষ্ঠান জিকো, রেলপথ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএনএসএফ আর জ্বালানি, শিল্প ও খুচরা বিক্রয় খাতের বিভিন্ন ব্যবসা।

এ ছাড়া গত সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির হাতে বিভিন্ন কোম্পানির ৩৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার ছিল। এসব বিনিয়োগের মধ্যে আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল ও কোকা-কোলা।

চলতি মাসে বার্কশায়ারের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় ওঠে। গ্রেগ অ্যাবেল প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ। এ সময়ে বার্কশায়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি ডলার।

বার্তায় বার্কশায়ারের সাবেক ভাইস চেয়ারম্যান চার্লি মাঙ্গারের কথাও স্মরণ করেন বাফেট। ২০২৩ সালে মারা যান মাঙ্গার। গত বছরের বার্তায় তিনি বলেছিলেন, মানুষের প্রতি সদয় হওয়ার আর্থিক প্রাপ্তি নেই, কিন্তু এর মূল্য অপরিসীম।

বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট তাঁর সম্পদের ৯৯ ভাগ দান করার ঘোষণা দিয়েছেন। অনেক দিন থেকেই ধারাবাহিকভাবে দান করছেন তিনি। এমনকি মৃত্যুর পর তাঁর সম্পদের কী হবে, সে বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

Read full story at source