টিএসপির বরাদ্দে ঘাটতির প্রভাব মাছ ও সবজি চাষে

· Prothom Alo

গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত যশোর জেলায় টিএসপি সারের চাহিদা ১৯ হাজার ১১২ মেট্রিক টন। বরাদ্দ ১০ হাজার ৫০০ মেট্রিক টন।

যশোর জেলায় টিএসপি সার চাহিদামতো কিনতে পারছেন না কৃষক। চলতি রবি মৌসুমে এ সারের চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি ৪৫ শতাংশ। টিএসপি সারের সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মাছ ও সবজি চাষে। প্রয়োজনমতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষক ও মৎস্যচাষিরা।

Visit newsbetting.club for more information.

কৃষকদের ভাষ্য, সার পরিবেশকের কাছে অন্য সার পাওয়া গেলেও পর্যাপ্ত টিএসপি পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারেও টিএসপি সারের ঘাটতি আছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই।

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি গ্রামের কৃষক মিজানুর রহমান। এ বছর তিনি ১০ বিঘা (৩৩ শতকে এক বিঘা) জমিতে পটোল, পেঁয়াজ, রসুন, আলু ও কপি চাষ করেছেন। ৫ নভেম্বর স্থানীয় এক সার পরিবেশকের বিক্রয়কেন্দ্রে (দোকান) ১০০ কেজি টিএসপি সার কিনতে যান মিজানুর। পর্যাপ্ত সার না থাকায় কিনতে পেরেছেন মাত্র সাত কেজি।

মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অন্য সার পাওয়া গেলেও টিএসপি মোটেও পাওয়া যাচ্ছে না। ডিলাররা বলেছেন, বরাদ্দ নেই।

এ বিষয়ে জানতে চাইলে গত শনিবার চূড়ামনকাটি ইউনিয়নের অনুমোদিত সার পরিবেশক (ডিলার) নারায়ণ চন্দ্র কুণ্ডু বলেন, ‘টিএসপি সারের সংকট রয়েছে। নভেম্বর মাসের জন্য আমি বরাদ্দ পেয়েছি মাত্র ৪৫ বস্তা। অথচ আমার চাহিদা ১৫০ বস্তা।’

চাহিদার তুলনায় বরাদ্দ কম

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে (১৬ অক্টোবর–১৫ মার্চ) যশোর জেলায় ২ লাখ ১০ হাজার ৩৯০ হেক্টর জমিতে বিভিন্ন ফসল আবাদে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাষাবাদের আওতায় আছে বোরো ধান ১ লাখ ৫৮ হাজার ২৩২ হেক্টর জমি, সরিষা ২৮ হাজার ১৩২ হেক্টর, সবজি ১৯ হাজার ৭৬০ হেক্টর, গম ১ হাজার ৭১০ হেক্টর, ভুট্টা ১ হাজার ১৭৫ হেক্টর ও আলু ১ হাজার ৩৮১ হেক্টর জমি। ইতিমধ্যে মাঠে আবাদ হয়েছে পটোল, পেঁয়াজ, রসুন, আলু ও কপি।

যশোর জেলা সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রথম আলোকে বলেন, যশোরে সারের কোনো সংকট নেই। দামও ঠিক আছে। তিন মাসের জন্য জেলায় প্রায় ১১ হাজার মেট্রিক টন বিভিন্ন সার মজুত রয়েছে। মাছ চাষে টিএসপি সারের জন্য আলাদা করে চাহিদাপত্র পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত ৯ মাসে জেলায় টিএসপি সারের চাহিদা ১৯ হাজার ১১২ মেট্রিক টন। এর বিপরীতে বরাদ্দ হয়েছে ১০ হাজার ৫০০ মেট্রিক টন। ঘাটতি ৮ হাজার ৬১২ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪৫ দশমিক ০৭ শতাংশ ঘাটতি।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস গত ২২ সেপ্টেম্বর রবি মৌসুমে চাষাবাদের জন্য ঢাকার খামারবাড়িতে প্রধান কার্যালয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন। ওই চাহিদাপত্রে টিএসপি ছাড়াও অন্যান্য সারের চাহিদার কথাও উল্লেখ করা হয়েছে।

ইউরিয়া: চাহিদা ৫৬ হাজার ১৯৬ মেট্রিক টন, বরাদ্দ ৪৩ হাজার ৬৮৫ মেট্রিক টন; ঘাটতি ১২ হাজার ৫১১ মেট্রিক টন (ঘাটতির পরিমাণ ২২ শতাংশ)।

ডিএপি: চাহিদা ৩৫ হাজার ৭৩৯ মেট্রিক টন, বরাদ্দ ৩৩ হাজার ৯৮৮ মেট্রিক টন; ঘাটতি ১ হাজার ৭৫১ মেট্রিক টন (ঘাটতি পরিমাণ ৫ শতাংশ)।

এমওপি: চাহিদা ২০ হাজার ৬১৯ মেট্রিক টন, বরাদ্দ ১৮ হাজার ৪৫৫ মেট্রিক টন; ঘাটতি ২ হাজার ১৬৪ মেট্রিক টন (ঘাটতির পরিমাণ ১০ শতাংশ)।

জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, চার ধরনের সারেই চাহিদাপত্র পাঠানো হয়েছে। ইউরিয়া ও ডিএপির বরাদ্দের ঘটতি তুলনামূলক কম হলেও টিএসপির বরাদ্দের ঘাটতি ৪০ থেকে ৪৫ শতাংশ।

টিএসপির ঘাটতি ডিএপি দিয়ে মেটানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। তবে চাষিরা এতে রাজি নন। যশোর সদর, বাঘারপাড়া ও চৌগাছা উপজেলায় ফল ও সবজির উৎপাদন বেশি। অন্যদিকে যশোর সদরের একাংশ, কেশবপুর, মনিরামপুর ও অভয়নগরে মাছ চাষ বেশি হয়। এর ফলে এসব এলাকায় টিএসপির চাহিদাও বেশি। শিকড় দ্রুত মাটির গভীরে পৌঁছাতে সবজি ও ফল চাষে টিএসপি সার ব্যবহার করা হয়। ডিএপির কার্যকারিতা ধীরে ধীরে পাওয়া যায় এবং তা দীর্ঘ সময় স্থায়ী হয়। কিন্তু কৃষকেরা দ্রুত ভালো ফলন চান। এ কারণে তাঁরা টিএসপির পরিবর্তে ডিএপি নিতে আগ্রহী নন।

মৎস্যচাষিদের দাবি, মৎস্য খামারে ডিএপি ব্যবহার করলে পানিতে অক্সিজেনের ঘাটতি হয়। এতে মাছ পানির ওপরে ভেসে ওঠে মারা যায়।

টিএসপির সংকটে বাড়ছে মাছের উৎপাদন খরচ

যশোরের বাঘারপাড়া ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৭০ একর জমিতে মাছ চাষ করেছেন মৎস্য উদ্যোক্তা হারুন অর রশিদ। তিন মাস ধরে তিনি টিএসপি সার পাচ্ছেন না। তাঁর ভাষ্য, সারের সংকটে পুকুরের পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য জুপ্ল্যাংকটন ও ফাইটোপ্ল্যাংকটন তৈরি হচ্ছে না। ফলে মাছের খাবারের জন্য পুরোপুরি বাজারের খাদ্যের ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে। এতে উৎপাদন খরচ ১৫ শতাংশ বেড়েছে। কিন্তু মাছের দাম বাড়েনি, বরং কমেছে। গত এক মাসে মাছের খাবারের দাম কেজিতে বেড়েছে ৯ টাকা।

জেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে জেলায় মাছ উৎপাদিত হয় ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। জেলায় মৎস্য চাহিদা ছিল প্রায় ৬৫ হাজার মেট্রিক টন। সেই চাহিদা মেটানোর পর ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন মাছ উদ্বৃত্ত ছিল। এসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়েছে। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে জেলায় মাছ উৎপাদিত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬১৭ মেট্রিক টনের বেশি।

নিজের হ্যাচারি ও নার্সারিতে বছরে অন্তত এক টন বিভিন্ন সার লাগে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খানের। মাছ চাষের জন্য আলাদা করে সার বরাদ্দ নেই বলে তিনি জানতে পেরেছেন। অথচ ধান চাষের চেয়ে মাছ চাষে বেশি সার লাগে।

ফিরোজ খান বলেন, টিএসপি, ইউরিয়া ও এমওপি পুকুরে প্রয়োগ করে মাছের সুষম খাবার তৈরি হয়। এই তিন সারের সমন্বয়ে প্রাণিজ ও উদ্ভিজ্জ আমিষ তৈরি হয়। সরকার এ খাতে প্রয়োজনীয় সার দিতে ব্যর্থ হচ্ছে।

টিএসপির বদলে ‘স্যুপ’

জেলা মৎস্য কার্যালয়ের হিসাব অনুযায়ী, এবার জেলায় ১ লাখ ১ হাজার ৯২২ হেক্টর জলাভূমিতে মাছ চাষ হয়েছে। মাছ চাষে ইউরিয়া ১ হাজার ৬৭৪ মেট্রিক টন এবং টিএসপি ১ হাজার ৩০৪ মেট্রিক টন প্রয়োজন। তবে মাছ চাষের জন্য আলাদা করে কোনো সার বরাদ্দ নেই।

সারের পরিবর্তে স্যুপ (মাছের বিশেষ খাবার) তৈরি করে পানিতে প্রয়োগের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, চিটাগুড়, ইস্ট পাউডারসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে মাছের খাবার হিসেবে প্রিবায়োটিক স্যুপ তৈরি করা যায়, যা টিএসপি সারের বিকল্প হিসেবে কাজ করে।

কৃষি বিভাগ জানায়, ডিএপি সারের বরাদ্দ কিছুটা কমিয়ে টিএসপির সরবরাহ বাড়াতে কৃষি মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে।

Read full story at source