সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ১৭ জনের কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাকা

· Prothom Alo

প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ ১৭ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

Visit tr-sport.bond for more information.

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ মামলায় সাইফুজ্জামানকে ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। তাঁর স্ত্রী রুখমিলা জামানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। মামলার অন্য ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী ছাড়া সাজাপ্রাপ্ত অন্য ১৫ জন হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও উৎপল পাল। তাঁরা সবাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আরামিট গ্রুপের কর্মকর্তা। তাঁদের মধ্যে কয়েকজনকে ১০ বছর, কয়েকজনকে পাঁচ বছর এবং অন্যদের তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ জুলাই সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি করেন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। এ জন্য সাইফুজ্জামান তাঁর মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে মালিক দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্র তৈরি করে ইউসিবির পোর্ট শাখা থেকে প্রতিষ্ঠানটির নামে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

দুদক জানিয়েছে, ঋণ অনুমোদনের আগে ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। তবে সেগুলো উপেক্ষা করে ঋণ অনুমোদন করা হয়। ওই সময় ইউসিবির চেয়ারম্যান ছিলেন রুখমিলা জামান। অভিযোগপত্রে বলা হয়, সাইফুজ্জামান কার্যত ‘ডি-ফ্যাক্টো’ চেয়ারম্যান হিসেবে ব্যাংকটি নিয়ন্ত্রণ করতেন। বোর্ড সভায় উপস্থিত থেকে ঋণ অনুমোদনেও প্রভাব রাখতেন তিনি।

অভিযোগপত্রে আরও বলা হয়, ঋণের ২৫ কোটি টাকার মধ্যে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের আগের দায় পরিশোধে ব্যবহার করা হয়। বাকি ৯ কোটি ৪১ লাখ টাকা ইউসিবির জুবিলি রোড শাখা থেকে নগদে তুলে নেওয়া হয়।

দুদকের দাবি, এই অর্থ হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাচার করা হয়। পরে সেখান থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পদ কেনা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, মামলার তদন্তের সময় রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাসা থেকে ২৩ বস্তা নথিপত্র ও আলামত উদ্ধার করা হয়। এসব নথিতে বিদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা মূল্যের ১ হাজার ১০০টির বেশি ফ্ল্যাট ও অন্যান্য আবাসনসম্পদ কেনার তথ্য পাওয়া গেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মশিউর রহমান।

এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। দুদকের ভাষ্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও তাঁরা বিদেশে চলে যান।

দুদকের তথ্যমতে, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ অন্তত ৯টি দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, দুবাইয়ে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ১০টি বাড়ির তথ্য পেয়েছে সংস্থাটি। এ ছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াতেও তাঁর সম্পদ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Read full story at source