সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী

· Prothom Alo

সার কারখানা বাদে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এসব কারখানায় বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করা হবে। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

Visit newsbetting.cv for more information.

আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের অধীন কারখানাগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চাওয়া হয়েছিল শিল্পমন্ত্রীর কাছে। জবাবে তিনি এই মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সার কারখানা বাদে অন্য সবগুলোতেই আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করব। সেটা হবে পিপিপি মডেলে। পিপিপির অধীনে কয়েকটি পদ্ধতি আছে। কোনোটি দীর্ঘমেয়াদি ইজারা, কোনোটি রাজস্ব ভাগাভাগি, কোনোটি মুনাফা ভাগাভাগি। এই তিন পদ্ধতির কোনো একটির আওতায় কারখানাগুলো ছেড়ে দেওয়া হবে।’

দরপত্র আহ্বান থেকে কারখানা হস্তান্তর পর্যন্ত কত সময় লাগতে পারে, সে বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘দরপত্র করার সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একেকটা কারখানা আমরা হস্তান্তর করতে পারব। এই সময়ের মধ্যে দরপত্র মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষা করা হবে। এরপর নির্বাচিত উদ্যোক্তার কাছে কারখানা হস্তান্তর করা হবে।’

জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক করা যায় কি না, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, এ মুহূর্তে সরকারের কাজ হচ্ছে বিদ্যমান ব্যবস্থায় উদ্যোক্তাদের ঋণ পাওয়ার পথ সহজ করা। ছয় থেকে বারো লাখ টাকা ঋণ নিতে গেলেও অনেক ছোট উদ্যোক্তার পক্ষে ব্যাংকের শর্ত পূরণ করা কঠিন হয়ে পড়ে। জামানতের শর্তের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যিনি ছয় লাখ টাকার ঋণ চাচ্ছেন, তাঁর কী আছে, আর তিনি বন্ধকটা দেবেন কী?’

এ কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে সরকারের পক্ষ থেকে জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি কর্মসূচির আওতায় বর্তমানে দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই পরিমাণ বা ক্ষমতা বাড়াব। এ ছাড়া বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় ছোট উদ্যোক্তাদের কী ধরনের সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে এসএমই ফাউন্ডেশনের বোর্ডের কাছে সুপারিশ চাওয়া হবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহী, পাবনা ও আঞ্চলিক কার্যালয়গুলোতে গিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে শুনেছি যে তাঁদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সনদ নিতে কষ্ট হয়। তাঁরা বিএসটিআইয়ের ফি নিয়েও প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি সমস্যা হলো অনেক সময় আঞ্চলিক কার্যালয়ের নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা থাকে না। তখন উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এ নিয়ে আমরা কাজ করছি। আগামী দিনে এর একটি সহজ সমাধান পাওয়া যাবে বলে আশা করি।’

Read full story at source