আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন, আর কি থাকছে এবারের আর্কা ফ্যাশন উইকে
· Prothom Alo

ফ্যাশন, ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধনে আবারও বসছে আর্কা ফ্যাশন উইক। তিন দিনের এই আয়োজনে একই রানওয়েতে দেখা যাবে দেশি-বিদেশি ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডের নতুন সংগ্রহ। ‘ফিউশন’, ‘কনটেম্পরারি’ ও ‘হেরিটেজ’—তিনটি আলাদা ভাবনায় সাজানো এবারের আয়োজনের শেষ দিনে থাকছে বরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের বিশেষ শো।
আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে আর্কা ফ্যাশন উইকের পঞ্চম আসর। আর্কার আয়োজনে এই ফ্যাশন উৎসবে থাকছে রানওয়ে শো, দেশি-বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের মার্কেটপ্লেস, আলোচনা, সংগীত পরিবেশনা এবং খাবারের আয়োজন। সব মিলিয়ে ছয়টি আলাদা জোনে সাজানো হয়েছে এবারের উৎসব।
Visit mchezo.life for more information.
তিন দিনে তিন ভাবনার রানওয়ে
এবারের আর্কা ফ্যাশন উইকের রানওয়ে সাজানো হয়েছে তিনটি আলাদা থিমে। প্রথম দিন ‘ফিউশন’, দ্বিতীয় দিন ‘কনটেম্পরারি’ এবং শেষ দিন ‘হেরিটেজ’ ভাবনায় নিজেদের নতুন সংগ্রহ তুলে ধরবেন দেশি-বিদেশি ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডগুলো।
প্রথম দিনের ‘ফিউশন’ থিমে রানওয়েতে থাকছে স্টুডেন্ট রানওয়ে, মিনিসো, তুরাগ অ্যাক্টিভ, ট্যাপার্ড, আমিরা, রয়েল বেঙ্গল কুতুর, তান ও কুহু’জ ওয়্যারেবল আর্টের সংগ্রহ। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের নানা নিরীক্ষা দেখা যাবে এই আয়োজনে।
দ্বিতীয় দিন ‘কনটেম্পরারি’ থিমে নিজেদের নকশা তুলে ধরবে ঢং, লট ওয়ান স্টুডিও, দানিয়া, জেন্টলমেনস ওয়ার্ডরোব, সুজুকি ও গ্রীষ্ম বাই সৌহার্দ। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন ম্যানিলা ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের বেঞ্চ বেলো এবং মস্কো ফ্যাশন উইকের লেস নোমস। তাঁদের অংশগ্রহণ এবারের রানওয়েতে যোগ করবে আন্তর্জাতিক ফ্যাশনের ভিন্ন মাত্রা।
শেষ দিনের ‘হেরিটেজ’ থিমে রানওয়েতে দেখা যাবে নাশরা আক্তার, সুথ, সিজ, পৌষি, চন্দন ও ফ্যাব বাই ফারাহ আনজুম বারির সংগ্রহ। আন্তর্জাতিক পর্বে থাকছেন মুভ ফেস্ট জাকার্তার আলি চারিসমা। আর সমাপনী দিনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের বরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। দেশীয় ঐতিহ্য, কারুশিল্প ও সমকালীন ফ্যাশনের মেলবন্ধনে সাজবে শেষ দিনের আয়োজন।
গামছার বুননে উৎসবের অনুপ্রেরণা
আর্কা ফ্যাশন উইক ২০২৬-এর মূল অনুপ্রেরণা বাংলাদেশের চিরচেনা বস্ত্র গামছা। এর পরিচিত চেক, ডোরা, রং ও বুননের ছন্দ থেকেই নেওয়া হয়েছে এবারের উৎসবের দৃশ্যগত ভাবনা। গামছার বুনন থেকে অনুপ্রাণিত জ্যামিতিক নকশায় সাজানো হয়েছে উৎসবের ছয়টি জোন। বাংলাদেশের পরিচিত এই বস্ত্রকে নতুনভাবে উপস্থাপনের মধ্য দিয়ে স্থানীয় ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতার সংযোগ তুলে ধরতে চায় আয়োজকেরা।
রানওয়ের বাইরেও থাকছে নানা আয়োজন
আর্কা ফ্যাশন উইকের আকর্ষণ শুধু ডিজাইনারদের পোশাক প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়। ফ্যাশনের পাশাপাশি সংস্কৃতি, সংগীত, খাবার ও সৃজনশীলতার নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে উৎসবের ছয়টি জোন।
মার্কেটপ্লেসে পাওয়া যাবে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। সেমিনারে ফ্যাশন, নকশা, সংস্কৃতি ও সৃজনশীল শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কনসার্ট ও কালেকটিভ লাইভে থাকছে সংগীত ও সরাসরি পরিবেশনা। অন্যদিকে কালিনারি এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীদের জন্য থাকবে নানা স্বাদের খাবারের আয়োজন।
সব মিলিয়ে আর্কা ফ্যাশন উইকের এবারের আসর হতে যাচ্ছে ফ্যাশনপ্রেমীদের জন্য তিন দিনের বিশেষ উৎসব। দেশি-বিদেশি ডিজাইনারদের নতুন কাজ, গামছার বুননে সাজানো নান্দনিক আয়োজন এবং সমাপনী দিনে বিবি রাসেলের উপস্থিতি—সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই রাজধানীর ফ্যাশন অঙ্গনে তৈরি হচ্ছে বাড়তি উন্মাদনা।