জ্ঞানভিত্তিক শোষণহীন সমাজের স্বপ্ন ছিল আহমদ রফিকের

· Prothom Alo

জ্ঞানচর্চাকেই জীবনের পাথেয় করেছিলেন আহমদ রফিক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ছিল স্পষ্ট। তিনি চেয়েছিলেন জ্ঞানভিত্তিক ও শোষণ-বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা করতে। সমাজ বদলের এই চিন্তা থেকে কখনো পিছপা হননি তিনি।

ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচকেরা এ কথা বলেন। শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সভার আয়োজন করে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন উনসত্তরের গণ-অভ্যুত্থানের নেত্রী দীপা দত্ত।

Visit sweetbonanza-app.com for more information.

অনুষ্ঠানের শুরুতেই আহমদ রফিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক গত বছরের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন। সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল সাদীর সঞ্চালনায় আলোচনা পর্বের পর তাঁর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক সৈয়দ আজিজুল হক বলেন, আহমদ রফিককে প্রধানত ভাষাসংগ্রামী হিসেবে পরিচয় দেওয়া হলেও তাঁর আরও নানা পরিচয় রয়েছে। ভাষা আন্দোলন তাঁর জীবনকে পাল্টে দিয়েছিল। এই আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় একটি ইউরোপীয় ধাঁচের রেনেসাঁ বা নবজাগরণের সৃষ্টি হয়েছিল। আহমদ রফিক এই নবজাগরণকে নিজের আত্মায় ধারণ করেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও জ্ঞানচর্চাকেই জীবনের পাথেয় করেছিলেন।

সৈয়দ আজিজুল হক আরও বলেন, ‘আহমদ রফিকের রচনা ছিল বহুমুখী। তিনি কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিবিড় গবেষণা করেছেন। সাহিত্যের ছাত্র না হয়েও কবি বিষ্ণু দের কঠিন কবিতা নিয়ে তিনি গভীর পর্যবেক্ষণমূলক আলোচনা করেছেন। সারা জীবন জ্ঞানের চর্চা করে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গেছেন।’

অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী তাঁর সঙ্গে দীর্ঘদিনের স্মৃতিচারণা করে বলেন, অল্প বয়সেই আহমদ রফিক মার্ক্সবাদী দর্শন সম্পর্কে অবগত হয়েছিলেন এবং পরবর্তীকালে তা হৃদয়ে ধারণ করেন। সরাসরি রাজনীতিতে তিনি তাঁর বিশ্বাসের প্রকাশ ঘটাননি, বরং নানা ধরনের লেখালেখি ও গবেষণাকর্মে তা প্রকাশ করেছেন।

আহমদ রফিকের যুক্তরাষ্ট্রপ্রবাসী ভাগনে চিকিৎসক হুমায়ুন কবীর মামার স্মৃতিচারণা করে বলেন, শৈশবেই তিনি মামার কাছ থেকে প্রগতিশীল ও মানবিক চেতনার যে শিক্ষা পেয়েছেন, সেটিই তাঁর জীবনে গভীর প্রভাব রেখেছে। তিনি অনেকবার মামাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আহমদ রফিক দেশ ছেড়ে যেতে চাননি।

সভাপতির বক্তব্যে দীপা দত্ত বলেন, আহমদ রফিক আপাদমস্তক বাঙালি হতে চেয়েছেন। সর্বস্তরে মাতৃভাষা প্রতিষ্ঠার চেষ্টা ছিল তাঁর সারা জীবন। তাঁর জীবন ও কাজ নিয়ে আরও গভীর আলোচনা হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্বে আহমদ রফিকের কবিতা আবৃত্তি করেন ইরশাত রহমান এবং সমবেত সংগীত পরিবেশন করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।

Read full story at source