দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
· Prothom Alo

দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন (২৩ হাজার ৪০০ কোটি) ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) জাহাঙ্গীর আলম খান। তিনি বলেছেন, এসব ডলারের মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন (১ হাজার ৬০০ কোটি) ডলার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে পাচার হয়েছে। বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা বেশি নয়।
Visit asg-reflektory.pl for more information.
আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।
অন্য বিশেষ অতিথি কমিশনার (অনুসন্ধান) মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হয়। করপোরেট হাউস ও ব্যাংকের মাধ্যমে এসব অর্থ পাচার হয়ে থাকে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে। এতে ১ হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। নতুন গ্রেডেশন তালিকাও তৈরি করা হয়েছে। কর্মকর্তাদের দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।
সভায় দুদকের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকেরা অংশ নেন। বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম।