গ্যাসচেম্বার হওয়ার আগেই ঢাকাকে বাঁচাতে হবে

· Prothom Alo

দৈনন্দিন পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিশ্বের শীর্ষ বায়ুদূষিত শহরগুলোর একটি। বিশেষজ্ঞদের দীর্ঘদিনের উদ্বেগ সত্ত্বেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি; বরং শহরের বিভিন্ন স্থানে নিয়মিত বর্জ্য পোড়ানোর ঘটনা দূষণকে আরও ভয়াবহ করে তুলছে।

সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক মানের গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা রীতিমতো আতঙ্কজনক। এতে দেখা যাচ্ছে, ঢাকার বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও নিকেলের মতো মারাত্মক ভারী ধাতু বাতাসে মিশছে।

Visit afrikasportnews.co.za for more information.

বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় প্রতি ঘনমিটারে সিসার গড় ঘনত্ব পাওয়া গেছে ২৮ দশমিক ৩৬ মাইক্রোগ্রাম; ক্যাডমিয়ামের গড় ঘনত্ব ১২ দশমিক ২৩, ক্রোমিয়ামের ২৬ দশমিক ৯৬ এবং নিকেলের ১০ দশমিক ৭৫ মাইক্রোগ্রাম। বর্জ্যের ধরন ও পোড়ানোর পদ্ধতির ভিন্নতার কারণে স্থানভেদে এসব ধাতুর ঘনত্বে বড় ধরনের পার্থক্য ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এর মধ্যে সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি গ্রহণযোগ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দীর্ঘ মেয়াদে নগরবাসীর, বিশেষ করে শিশুদের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করেছে। ক্যানসার–বহির্ভূত স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। যেমন ক্ষতিকর বর্জ্য অবাধে পোড়ানোর ফলে যেসব বিষাক্ত সূক্ষ্ম কণা ছড়িয়ে পড়ছে, তাতে ফুসফুসের স্থায়ী জটিলতা সৃষ্টি করছে।

বিশ্বব্যাংকের হিসাবে ঢাকার বায়ুদূষণের ১১ শতাংশের জন্য বর্জ্য পোড়ানো দায়ী হলেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাই স্বীকার করছেন, বাস্তবে এই হার আরও বেশি। দুঃখজনক বিষয় হলো, রাজধানীর এই বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর চরম সমন্বয়হীনতা ও ব্যর্থতা রয়েছে। নিয়মিত ও বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্য অপসারণ না হওয়ায় পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও সহজ সমাধান হিসেবে ময়লার স্তূপে আগুন ধরিয়ে দিচ্ছেন। অথচ জনস্বাস্থ্যের ওপর এর কী ভয়াবহ প্রভাব পড়ছে, এ বিষয়ে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

বায়ুদূষণের প্রভাব নিয়ে পৃথিবীর সর্বত্র উদ্বেগ সর্বজনবিদিত। ২০২৫ সালে ফিনল্যান্ডভিত্তিক বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক গবেষণায় বলা হয়েছিল, বায়ুদূষণ রোধ করা গেলে বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ২ হাজার ৪৫৬ জনের অকালমৃত্যু ঠেকানো সম্ভব। (প্রথম আলো, ১৮ জানুয়ারি ২০২৫)

পরিবেশ সুরক্ষায় সরকারের সদিচ্ছা শুরু থেকেই দৃশ্যমান। আমরা মনে করি, এ বিষয়ে সরকারের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। স্বল্পমেয়াদি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করতে হবে। কেননা, কেবল জরিমানা বা অভিযান চালিয়ে এই ভয়াবহতা থামানো সম্ভব নয়। আমরা মনে করি, বর্জ্য পোড়ানো বন্ধ করতে হলে সবার আগে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কেবল আইন প্রণয়ন করলেই হবে না, আইনের যথাযথ প্রয়োগে সুষ্ঠু তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজধানীকে বসবাসের অযোগ্য ও বিষাক্ত গ্যাসচেম্বারে পরিণত হওয়া থেকে বাঁচাতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

Read full story at source