সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

· Prothom Alo

একটি বিয়ের কার্ড। বর-কনের পাশে তিনটি পোষা কুকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। কার্ডটি কি সত্যিই মিমি চক্রবর্তীর? আগামী ডিসেম্বরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের এই অভিনেত্রী? পাত্র কে? কবে থেকে সম্পর্ক? প্রশ্নের যেন শেষ নেই। অথচ যাঁকে ঘিরে এত কৌতূহল, সেই মিমি চক্রবর্তী বেশ নির্লিপ্ত। বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করেছেন, ‘কার কার্ডের কথা বলছেন?’

Visit rouesnews.click for more information.

মিমির এই রহস্যময় উত্তর যেন তাঁর ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়াল রাখতে পছন্দ করেন তিনি। অভিনয়, সম্পর্ক, রাজনীতি কিংবা নিজের পছন্দ-অপছন্দ—কোনো কিছুতেই খুব সহজে অন্যের প্রত্যাশার কাছে নিজেকে সমর্পণ করেন না; বরং নিজের মতো করে জীবন কাটানোর পক্ষেই তাঁর অবস্থান।

এবারের আলোচনার সূত্রপাত অবশ্য বিয়ের আমন্ত্রণপত্র থেকে। কার্ডে বর-কনের প্রতীকী ছবির সঙ্গে জায়গা পেয়েছে মিমির তিন পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পশুপ্রেমী মিমির কাছে পোষ্যরা যে পরিবারের সদস্য, সেটি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের অজানা নয়। ফলে কার্ডের এই নকশা নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থ দত্তকে বিয়ে করছেন অভিনেত্রী। ২৬ নভেম্বর আইনি বিয়ে, ডিসেম্বরে মূল অনুষ্ঠান। কালিম্পংয়ে বিয়ের আয়োজনের কথাও প্রকাশিত হয়েছে।

এর আগে বিয়ের প্রসঙ্গে মিমি বলেছিলেন, ভালো মানুষ হতে হবে, তাঁর ভালো বন্ধু হতে হবে, ঘুরতে ভালোবাসতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর পোষ্যদের ভালোবাসতে হবে। ২০২৩ সালের শেষ দিকে অবশ্য তিনি জানিয়েছিলেন, বিয়ে তখন তাঁর অগ্রাধিকারের তালিকায় নেই। সময়ের সঙ্গে সেই অবস্থান বদলেছে কি না, তার উত্তর আপাতত তাঁর কাছেই।

পুপে থেকে টালিউডের পরিচিত মুখ
জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমির অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। তবে তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে ২০১০ সালের টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’। গৌতম ঘোষের ভাবনা এবং অরিন্দম শীলের পরিচালনায় তৈরি ধারাবাহিকটিতে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ঋতুপর্ণ ঘোষের সৃষ্ট সংগীত ও সংস্কৃতির আবহে তৈরি ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছিল।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

পুপে চরিত্রটি মিমির অভিনয়জীবনের জন্য ছিল বড় সুযোগ। পর্দায় তাঁর স্বাভাবিক অভিনয়, আবেগ প্রকাশের ধরন এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা নজর কেড়েছিল দর্শকের। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় অভিষেক। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করে বাণিজ্যিক সিনেমার দর্শকের কাছেও পরিচিত হয়ে ওঠেন।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’, ‘রক্তবীজ’—বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন তিনি। কখনো বাণিজ্যিক ছবির নায়িকা, কখনো পারিবারিক গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র, কখনো আবার অ্যাকশনধর্মী চরিত্রে হাজির হয়েছেন।

অভিনেত্রী হিসেবে মিমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তাঁকে একটি নির্দিষ্ট ঘরানায় আটকে রাখা কঠিন। একসময় বাণিজ্যিক ছবির পরিচিত নায়িকার চরিত্রে অভিনয় করলেও পরে নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে পরীক্ষা করেছেন। পুলিশের চরিত্র, একক মায়ের চরিত্র কিংবা আইনজীবীর চরিত্র—চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলাতে আপত্তি নেই তাঁর।
২০২৫ সালে ‘রক্তবীজ ২’-এ পুলিশ কর্মকর্তা সংযুক্তা মিত্রের চরিত্রে আবারও দর্শকের প্রশংসা পান অভিনেত্রী। অ্যাকশন দৃশ্যের জন্য শারীরিক প্রস্তুতি নেওয়া, জিমে নিয়মিত অনুশীলন এবং মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০২৬ সালে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ অভিনয়ের মধ্য দিয়ে হরর-কমেডি ঘরানাতেও দেখা গেছে তাঁকে।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বদলেছে ভাবনা
মিমির অভিনয়জীবনের আরেকটি আলোচিত দিক তাঁর সাহসী দৃশ্য নিয়ে অবস্থান। টালিউডের অনেক অভিনেত্রীর মতো তাঁকেও বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছে—পর্দায় কতটা ঘনিষ্ঠ হতে স্বচ্ছন্দ তিনি? চুম্বন কিংবা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি আছে কি না?

এ বিষয়ে মিমির বক্তব্য বরাবরই চিত্রনাট্যকেন্দ্রিক। তবে সময়ের সঙ্গে তাঁর ভাবনায় এসেছে পরিবর্তন।

একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মিমি। কারণ, চরিত্রের প্রয়োজনে কিছু খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হতো। তখন বিষয়টি নিয়ে তাঁর নিজের কিছু দ্বিধা ছিল, পরিবারের কাছেও জবাবদিহির বিষয় ছিল। পরে অবশ্য নিজের সেই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভেবেছেন অভিনেত্রী।

২০১৬ সালে এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছিলেন, অভিনয়ে নিজেকে চরিত্রের প্রয়োজন অনুযায়ী তৈরি করতে হয়। সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, অভিনয় করতে এলে সব ধরনের চরিত্রের জন্য প্রস্তুত থাকা জরুরি।

২০২২ সালে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে প্রশ্নের জবাবে আরও খোলামেলা অবস্থান জানান মিমি। চুম্বন থেকে ঘনিষ্ঠ রোমান্স—চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনে এসব দৃশ্যে অভিনয় করতে তাঁর আপত্তি নেই বলে জানিয়েছিলেন। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্পের প্রয়োজনীয়তা। কোনো দৃশ্য যদি চরিত্রকে এগিয়ে নিতে সাহায্য করে, তাহলে সেটি করতে আপত্তি নেই।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

নিজের শর্তে কাজ, নিজের মতো জীবন
অভিনয়জীবনের শুরুর দিকে বছরে একাধিক ছবিতে কাজ করেছেন মিমি। এখন অবশ্য অনেক বেশি বেছে কাজ করেন। ২০২৩ সালের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভালো চিত্রনাট্য ও ভালো পারিশ্রমিক—দুটির সমন্বয় থাকলে কাজ করতে আগ্রহী তিনি। নারীরা নিজেদের মতামত প্রকাশ করলে অনেকের তা ভালো লাগে না, এমন অভিজ্ঞতার কথাও বলেছেন।

২০২৬ সালের জানুয়ারিতে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের কাজের ধরন নিয়ে কথা বলেন মিমি। জানান, শুধু চিত্রনাট্য পড়েই সব সময় সিদ্ধান্ত নেন না; পরিচালকের সঙ্গে সম্পর্ক, প্রযোজনাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নিজের ভালো লাগাও গুরুত্বপূর্ণ। কোনো ছবি সফল হলে যেমন অহংকারে ভোগেন না, তেমনি ছবি ব্যর্থ হলে হতাশায় ডুবে থাকেন না।

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

রাজনীতি থেকে আবার অভিনয়ে
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও চালিয়ে গেছেন। তবে রাজনীতির ব্যস্ততা, সাংগঠনিক কাজ এবং জনজীবনের চাপের মধ্যে নিজের মতো করে কাজ করার জায়গা সব সময় পাওয়া সহজ ছিল না।

২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান মিমি। এরপর আবার অভিনয়কেই বেশি গুরুত্ব দিতে দেখা যায় তাঁকে। রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা নিয়েও নানা আলোচনা হয়েছে। তবে অভিনয়ই যে তাঁর প্রথম ভালোবাসা, বিভিন্ন সাক্ষাৎকারে তা স্পষ্ট করেছেন।

বাংলাদেশের দর্শকের কাছেও মিমির পরিচিতি বেড়েছে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ ছবিতে অভিনয়ের পর। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটির ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছিল। ফলে টালিউডের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকের কাছেও তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছে।

আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, এই অবলম্বনে

Read full story at source