কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
· Prothom Alo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের একটি কক্ষের দরজা বন্ধ করে এক শিক্ষার্থীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়রের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
Visit mchezo.life for more information.
গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়েন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্র জানায়, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের নিচতলার একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন তিন সিনিয়র শিক্ষার্থী। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়া হয়। এতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয়। পরে আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হয়। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার রাতে এক শিক্ষার্থী এসেছিলেন। তিনি আতঙ্কিত ছিলেন। শারীরিকভাবে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি খুব ভয় পেয়েছিলেন। বমি করায় তাঁকে শুধু বমির ওষুধ দেওয়া হয়েছিল। পরে আবার হলে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। এতে তিনি উল্লেখ করেন, ‘রাত ১০টার দিকে আমাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনজন। পরে আমার পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেন। এ মাকড়সা তাঁরা আগে থেকে একটি বাটিতে বন্দী করে রেখেছিলেন। আমার মাকড়সার ফোবিয়া (ভীতি) সম্পর্কে হলের ব্লকের সবাই অবগত। সুতরাং স্পষ্টতই এটি পূর্বপরিকল্পিত। আমি এ ঘটনার পর হলে নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, আমি সেই নিশ্চয়তা চাই।’
তবে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করেছেন অভিযুক্ত তিন শিক্ষার্থী। তাঁরা বলেন, তাঁরা মাকড়সার প্রতি ভুক্তভোগীর তীব্র ভীতির বিষয়টি আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এ জন্য তাঁরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা উভয় পক্ষকে ডেকেছিলাম। সে সময় অভিযুক্ত তিনজন আমার সামনে ক্ষমা চেয়েছেন। পরবর্তী সময় অভিযুক্ত তিনজনের কাছ থেকে আমরা মুচলেকা নিয়েছি। তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো রকম অভিযোগ এলে আমরা কঠোর পদক্ষেপ নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘গতকাল আমরা এ বিষয়ে বৈঠক করেছিলাম। অভিযুক্ত শিক্ষার্থীরা ঘটনাটির বিষয়ে অনুতপ্ত। আজ আমরা আবার বৈঠক করব। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’