‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা
· Prothom Alo

লোহার বারের ওপর দেওয়া হয়েছিল সোনালি রঙের প্রলেপ, দেখতে যেন সোনার বার। এগুলোকে প্রকৃত ‘সোনার বার’ বলে বিক্রি করা হয়। এই নকল সোনার বারসহ রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪১টি নকল সোনার বার উদ্ধার করা হয়েছে। পরে পরীক্ষা করে দেখা যায়, বারগুলোর সোনালি রঙের ভেতরে রয়েছে লোহা।
গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
Visit tr-sport.click for more information.
আজ বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।
পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এ সময় একজন পালিয়ে যান। পরে দুজনের দেহ তল্লাশি করে মনিরুজ্জামানের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও স্কসটেপে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
এগুলো উদ্ধারের পর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, ওপরের সোনালি প্রলেপের নিচে লোহার বার রয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সোনার বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন প্রায় ৪ কেজি। এ ছাড়া তাঁদের কাছ থেকে ২টি মুঠোফোন, ১টি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ এবং ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।