৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে
· Prothom Alo

ছোট শিশুরা বয়স অনুযায়ী খাদ্য পাচ্ছে না। নতুন এক গবেষণা বলছে, ৬২ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যের মধ্যে আছে, ২০ শতাংশ শিশু খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে আছে। দেখা যাচ্ছে, মানুষের মধ্যে শিশুপুষ্টি নিয়ে জ্ঞানের ঘাটতি আছে।
Visit zeppelin.cool for more information.
৬ মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের খাদ্যাভ্যাস বা খাওয়ানোর চর্চা নিয়ে এই গবেষণাটি যৌথভাবে করেছে ইউনিসেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট। এই গবেষণায় সহায়তা করেছে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
গবেষকেরা বলেছেন, শিশুদের খাদ্য–দারিদ্র্যের অর্থ হচ্ছে খাদ্যে বৈচিত্র্যের ঘাটতি। শিশুদের খাদ্যনিরাপত্তাহীনতার অর্থ খাদ্যের অপর্যাপ্ত সুযোগ। খাদ্যের ঘাটতি না থাকলেও শিশুদের খাদ্যে বৈচিত্র্যের ঘাটতি থাকে, যা শিশু অপুষ্টির কারণ।
অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মো. রুহুল আমিন। তিনি বলেন, ছয় মাস বয়সের পর পরই ৯২ শতাংশ শিশুকে সম্পূরক খাদ্য খাওয়ানো শুরু হয়। কিন্তু দেখা যায়, ৩৮ শতাংশ শিশুর খাদ্যে বৈচিত্র্য থাকে। মানসম্পন্ন খাদ্য পায় মাত্র ২৮ শতাংশ শিশু।
গবেষণায় দেখা গেছে, ওই বয়সী ৯৩ দশমিক ৬ শতাংশ শিশু মায়ের দুধ খাওয়া অব্যাহত রাখে। ডিম, মাছ–মাংস, ভিটামিন এ সমৃদ্ধ ফল বা শাকসবজি, দুধ খাওয়ার পরিমাণ কম, ৪৫ শতাংশ থেকে ২৪ শতাংশের মধ্যে।
এর আগে গবেষণাপদ্ধতি নিয়ে আলোচনা করেন ইউনিসেফের পুষ্টিবিশেষজ্ঞ আনজুমান তাহমিনা ফেরদৌস। তিনি বলেন, আট বিভাগের আট জেলার মোট ২৫টি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব উপজেলা থেকে ৪০৫ জন শিশুর তথ্য ও তাদের মা বা অন্য সেবাদানকারীর সাক্ষাৎকার, ৪০ জন স্বাস্থ্যকর্মী ও নীতিনির্ধারকের সাক্ষাৎকার এবং ২৫ জন সেবাদানকারীর দলগত আলোচনার ভিত্তিতে এই গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে।
শিশুদের যাঁরা দেখভাল বা সেবা–যত্ন করেন, তাঁরা শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে কিছু বাধার কথা গবেষকদের বলেছেন। তাতে দেখা গেছে, ৮১ শতাংশ সেবাদানকারী বলেছেন খাওয়ানোর সময় নানা অসুবিধা হয়। সময় পান না বলেছেন ৩৬ শতাংশ, ধারণা বা জ্ঞান নেই বলেছেন ৩৩ শতাংশ, কিনতে পারেন না বলেছেন ৩২ শতাংশ এবং ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না বলেছেন ২১ শতাংশ। সমস্যা আরও আছে।
অন্যদিকে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে যাঁরা, তাঁরা বাধাগুলোকে অন্যভাবে দেখেন। তারা বলেছেন, পুষ্টিসমৃদ্ধ খাবারের দাম অনেক বেশি, তা সহজে পাওয়াও যায় না; শিশুদের খাদ্য ও খাওয়ানোর ব্যাপারে জ্ঞান ও তথ্যের ঘাটতি আছে, আচরণগত সমস্যাও আছে। এ ছাড়া বাজারের প্যাকেটজাত খাদ্য একটি বড় বাধা হয়ে আছে। এ বিষয়ে প্রশিক্ষণ ও হালনাগাদ জ্ঞানও নেই স্বাস্থ্য বিভাগের কর্মীদের।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী বলেন, ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের খাওয়ানোর ব্যাপারে গাইডলাইন হয়েছিল ২০০৭ সালে। ওই গাইডলাইন হালনাগাদ করার সময় এসেছে।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, শিশুদের সঠিক খাবারের অন্যতম বাধা প্যাকেটজাত বা কৌটার খাবার। মানুষের আচরণ পরিবর্তন করতে না পারলে শিশুরা ঠিক খাবার পাবে না। মায়েদের বোঝালে হাসপাতালের চৌহদ্দির বাইরে যেতে যেতে তাঁরা অর্ধেক ভুলে যান। বাড়িতে এসব বার্তা পৌঁছানোর কথা ও পন্থা ভাবতে হবে।