জমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুক
· Prothom Alo

পার্টি কিংবা যেকোনো জমকালো রাতের আয়োজনে ফিউশনধর্মী সাজ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য অর্চিতা স্পর্শিয়ার এই লুকটি হতে পারে দারুণ অনুপ্রেরণা।
অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনজগতের পাশাপাশি অভিনয়েও পরিচিত মুখ। স্নিগ্ধ চেহারা আর ভিন্নধর্মী সৌন্দর্যের জন্য তিনি আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সিনেমা কিংবা নাটকে প্রচলিত সৌন্দর্যের ছক ভেঙে স্পর্শিয়া হাজির হন নতুনত্ব নিয়ে। তাই তাঁর প্রতিটি লুকই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর নতুন সাজটিও নজর কেড়েছে ভক্তদের।
Visit mwafrika.life for more information.
সম্প্রতি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসরে ওটিটি বিভাগে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন অর্চিতা স্পর্শিয়া।
বিশেষ এই সন্ধ্যার জন্য তিনি বেছে নিয়েছিলেন গ্ল্যামারাস এক ফিউশনধর্মী লুক । শাড়ির সঙ্গে আধুনিক কাট ও নকশার মেলবন্ধনে তৈরি তাঁর এই সাজকে বলা যায় ‘রক্তিম ফ্লোরাল ফিউশন’ বা আধুনিক ইন্দো-ওয়েস্টার্ন লুক।
দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘আনজারা’র নকশা করা ফ্লোরাল প্রিন্টের একটি প্রি-ড্রেপড শাড়ি পরেছেন স্পর্শিয়া। অফ-হোয়াইট বেজ রঙের ওপর গাঢ় লাল, কমলা ও বাদামি রঙের বড় বড় ফুলের মোটিফ শাড়িটিতে এনেছে স্নিগ্ধ আবহ।
তবে এই লুকের মূল আকর্ষণ ব্লাউজটি। প্রথাগত ব্লাউজের বদলে তিনি পরেছেন একটি হল্টার-নেক ক্রপ টপ স্টাইলের ব্লাউজ। ব্লাউজের গলায় রয়েছে চোকার স্টাইলের ভারী এমবেলিশড নেকলাইন, যা আলাদা করে গলার গয়নার অভাব পূরণ করেছে।
পুরো ব্লাউজ জুড়ে লাল, সোনালি ও রুপালি সিকুইন, পুঁতি ও জরির নিখুঁত কারুকাজ করা হয়েছে। ব্লাউজের নিচের অংশে ঝোলানো ছোট ছোট পুঁতির টাসেল ও কোমরের বেল্টে থাকা একই ধরনের এমব্রয়ডারি নকশা পুরো লুকে আলাদা মাত্রা যোগ করেছে ।
পোশাকের কারুকাজ বেশ জমকালো হওয়ায় গয়না তুলনামূলকভাবে মিনিমাল রেখেছেন স্পর্শিয়া। ‘ইলোর অফিশিয়াল’-এর গয়নায় সেজেছেন তিনি।
কানে পরেছেন মাল্টি কালার পাথরের ঝোলানো দুল। ব্লাউজের গলাতেই চোকারের নকশা থাকায় বাড়তি কোনো নেকলেস পরেননি।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুই হাতে পরা রতন চূড়া, যা তাঁর সাজে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।
শোভন সাহা মেকওভারের সাজে স্পর্শিয়ার লুক হয়ে উঠেছে আরও নজরকাড়া। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে করা হয়েছে সফট গ্ল্যাম মেকআপ।
চোখে লেন্সের সঙ্গে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়েছে টেরাকোটা ও ব্রোঞ্জ শেডের স্মোকি আইশ্যাডো। সঙ্গে হালকা আইলাইনার ও ঘন মাসকারা। ঠোঁটে ম্যাট ফিনিশের ন্যুড-টেরাকোটা লিপস্টিক আর গালে হালকা ব্লাশের ছোঁয়া পুরো সাজে রেখেছে ভারসাম্য।
চুলের সাজে মাঝখানে সিঁথি করে সামনের দুই পাশে কিছু চুল ছেড়ে দিয়েছেন স্পর্শিয়া। বাকি চুল উঁচু করে বেঁধেছেন স্লিক পনিটেইলে। এই হেয়ারস্টাইল তাঁর মুখের গড়ন ও ব্লাউজের হল্টার-নেক নকশাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে।
পার্টি কিংবা যেকোনো জমকালো সন্ধ্যার আয়োজনে ফিউশনধর্মী সাজ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য স্পর্শিয়ার এই লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।
ছবি: ইন্সটাগ্রাম