জেমিনি, এআই এজেন্ট ও স্মার্ট চশমা নিয়ে গুগলের বড় ঘোষণা

· Prothom Alo

‘গুগল আই/ও ২০২৬’ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন প্রযুক্তিপণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। ভবিষ্যৎ প্রযুক্তি খাতের জন্য নিজেদের নতুন পরিকল্পনাও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন শুরু হয়। একনজরে দেখে নেওয়া যাক এবারের সম্মেলনের আলোচিত ১২টি ঘোষণা।

Visit esporist.com for more information.

১. জেমিনি ৩.৫ ফ্ল্যাশ

সম্মেলনে গুগল তাদের নতুন প্রজন্মের এআই মডেল ‘জেমিনি ৩.৫ ফ্ল্যাশ’ উন্মোচন করেছে। আজ বুধবার থেকেই জেমিনি অ্যাপ ও গুগল সার্চের এআই মোডে ডিফল্ট মডেল হিসেবে ব্যবহার করা যাবে মডেলটি। গুগলের দাবি, নতুন মডেলটি আগের তুলনায় দ্রুত কাজ করার পাশাপাশি জটিল এআই এজেন্টভিত্তিক কাজ করতে পারে। কোডিং সহায়তা, ইন্টারঅ্যাকটিভ ওয়েব ইন্টারফেস তৈরি ও গ্রাফিকস জেনারেশনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে মডেলটি। ক্ষতিকর কনটেন্ট তৈরির ঝুঁকি কমাতে মডেলটির নিরাপত্তা বেশ শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে জেমিনি অ্যাপে যুক্ত করা হয়েছে নতুন নকশা। ‘নিউরাল এক্সপ্রেসিভ’ নামের এই নকশায় যুক্ত করা হয়েছে নতুন অ্যানিমেশন, রঙের ব্যবহার, ফন্ট ও হ্যাপটিক ফিডব্যাক–সুবিধা।

২. জেমিনি অমনি

জেমিনি ৩.৫ এর পাশাপাশি ‘জেমিনি অমনি’ নামে নতুন এআই মডেল আনার ঘোষণা দিয়েছে গুগল। মডেলটির প্রথম সংস্করণ ‘অমনি ফ্ল্যাশ’ জেমিনি অ্যাপ, গুগল ফ্লো ও ইউটিউব শর্টসে ব্যবহার করা যাবে। গুগলের তথ্যমতে, নতুন মডেলটি বার্তা, ছবি, ভিডিও ও অডিওসহ বিভিন্ন ধরনের ইনপুট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারে।

৩. জেমিনি স্পার্ক

‘জেমিনি স্পার্ক’ নামে নতুন একটি এআই এজেন্টও উন্মোচন করেছে গুগল। এআই এজেন্টটি ব্যবহারকারীর হয়ে ই–মেইল লেখা, নোট তৈরি বা ক্রেডিট কার্ডের অতিরিক্ত চার্জ শনাক্ত করে দেবে। গুগল ডকস, জিমেইল, শিটস ও স্লাইডসের পাশাপাশি ক্যানভা ও ইনস্টাকার্টের মতো তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এআই এজেন্টটি।

৪. প্রম্পট লিখেই তৈরি করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ

শুধু নির্দেশনা বা প্রম্পট লিখেই পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির জন্য গুগল এআই স্টুডিওতে নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে গুগল। ভবিষ্যতে এসব অ্যাপ সরাসরি প্লে স্টোরে প্রকাশও করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে নিজেদের ফোনে সরাসরি অ্যাপগুলো ইনস্টল করে পরীক্ষাও করতে পারবেন।

৫. নতুন রূপে স্মার্ট চশমা

গুগল ও এক্সরিয়ালের যৌথভাবে তৈরি ‘প্রজেক্ট অরা’ স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ দেখানো হয়েছে সম্মেলনে। নতুন নকশার সংস্করণটিতে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সম্মেলনে অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মের জন্য নতুন উইজেট, গুগল ক্যালেন্ডার ও গুগল কিপের সঙ্গে জেমিনাইয়ের সমন্বয়ের ঘোষণাও দিয়েছে গুগল।

৬.এক্সআর চশমা

দুটি মডেলের অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্ট চশমা চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। রে-ব্যান মেটা স্মার্ট চশমার মতোই এক্সআর স্মার্ট চশমাগুলো হবে ডিসপ্লেবিহীন অডিওভিত্তিক ডিভাইস। এতে সরাসরি ভাষা অনুবাদ, জেমিনাইচালিত নেভিগেশন সহায়তা ও নোটিফিকেশন সারাংশের মতো সুবিধা পাওয়া যাবে।

৭.ইউনিভার্সাল কার্ট

‘ইউনিভার্সাল কার্ট’ নামের কেনাকাটার নতুন সুবিধা চালু করছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা ইউটিউব, সার্চ, জেমিনি ও জিমেইল থেকে বিভিন্ন পণ্য বেছে একই কার্টে যুক্ত করতে পারবেন।

৮.জিমেইলে ভয়েসভিত্তিক অনুসন্ধান

জিমেইলে ‘জিমেইল লাইভ’ নামে নতুন সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটি চালু হলে জিমেইল ব্যবহারকারীরা মুখের কথায় প্রয়োজনীয় ই–মেইল খুঁজে নিতে পারবেন। ভবিষ্যতে একই ধরনের ভয়েসভিত্তিক সুবিধা গুগল ডকস ও গুগল কিপেও যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৯. পিকস অ্যাপ

গুগল ওয়ার্কস্পেসে ‘পিকস’ নামের নতুন একটি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছে গুগল। এআই দিয়ে তৈরি ছবির নির্দিষ্ট অংশে ক্লিক করে মন্তব্য লিখে সম্পাদনার সুযোগ দেবে অ্যাপটি। ‘ন্যানো বানানা ২’ ও জেমিনাইভিত্তিক অ্যাপটি চালু হলে যেকোনো নির্দেশনার তথ্য নতুন করে লেখার প্রয়োজন হবে না। ভবিষ্যতে এ সুবিধা অন্যান্য ওয়ার্কস্পেস অ্যাপেও যুক্ত করা হবে।

১০. বদলে যাচ্ছে গুগল সার্চ

আকারে বড় প্রশ্ন লেখার সুযোগ দিতে সার্চ বক্সের আকার বড় করার ঘোষণা দিয়েছে গুগল। এ ছাড়া সার্চে যুক্ত হচ্ছে ‘জেনারেটিভ ইউআই’ সুবিধাও, যা ইন্টারঅ্যাকটিভ গ্রাফ, টেবিল ও সিমুলেশন তৈরি করে দেবে।

১১. এআই ছবি শনাক্তে নতুন সুবিধা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা, তা চেনা আরও সহজ করতে নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে গুগল। সুবিধাটি কাজে লাগিয়ে ক্রোম ব্রাউজার বা গুগল সার্চ বক্সে থাকা গুগল লেন্স বা সার্কেল টু সার্চের মাধ্যমে কোনো ছবি নির্বাচন করলেই গুগলের ‘সিন্থআইডি’ প্রযুক্তির সাহায্যে ছবিটির আসল উৎস জানা যাবে।

১২. গুগল বিমে এআই ভিডিও এজেন্ট

গুগল তাদের ভিডিও কলিং প্রযুক্তি ‘প্রজেক্ট স্টারলাইন’–এর নাম বদলে গত বছর রেখেছিল ‘গুগল বিম’। এবার গুগল বিমের জন্য ‘সোফি’ নামের এআই ভিডিও এজেন্ট তৈরির ঘোষণা দিয়েছে গুগল। গুগল জানিয়েছে, এআই এজেন্টটি ভিডিও কলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। ব্যবহারকারীরা ক্যামেরার সামনে কোনো কাগজ ধরলে তা পড়ে শোনানোর পাশাপাশি প্রয়োজনে পছন্দের রেস্তোরাঁও খুঁজে দেবে এআই ভিডিও এজেন্টটি।

সূত্র: দ্য ভার্জ

Read full story at source