হরিণকে লক্ষ্য করে শিকারির গুলি, প্রাণ গেল সঙ্গে যাওয়া বন্ধুর
· Prothom Alo

চট্টগ্রামের রাউজানের হলদিয়া রাবারবাগানে হরিণকে লক্ষ্য করে ছোড়া গুলিতে মারা গেছেন এক ব্যক্তি। দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম জমির উদ্দিন (৪৫)। তিনি তাঁর বন্ধু জামাল উদ্দিনের সঙ্গে ওই রাবারবাগান এলাকায় হরিণ শিকারে গিয়েছিলেন। জামাল তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়লে জমির মারা যান বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জামাল উদ্দিন পালিয়ে গেছেন।
Visit esporist.com for more information.
ফটিকছড়ি থানা পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত জমির উদ্দিন ফটিকছড়ির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সর্তা বন বিটের আওতাধীন বনাঞ্চলে আজ বিকেলে জামাল উদ্দিন ও তাঁর বন্ধু জমির উদ্দিন কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে হরিণ আসার খবর পেয়ে শিকার করতে যান। বনের ভেতরে হরিণকে লক্ষ্য করে জামাল উদ্দিন গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে জমিরের গায়ে লাগে। গুলিবিদ্ধ জমির উদ্দিনকে তাঁরা দ্রুত খিরাম চৌমুহনী বাজারের এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জমির মারা যাওয়ায় লাশ ফেলে জামাল উদ্দিনসহ তাঁর সঙ্গীরা পালিয়ে যান।
গুলিতে নিহত জমির উদ্দিনসর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘সর্তা বিটের কিছু এলাকায় মাঝেমধ্যে হরিণ আসে। ঘটনাস্থলে থাকা মহসিন নামের এক গ্রামবাসীর কাছে তিনি শুনেছেন যে জামাল উদ্দিন নামের এক ব্যক্তি হরিণকে লক্ষ্য করে গুলি ছুড়লে জমির মারা যান। নিহত জমিরও এলাকাবাসী বলে তিনি শুনেছেন।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান প্রথম আলোকে বলেন, জামাল উদ্দিন ও জমির উদ্দিন ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা একসঙ্গে হরিণ শিকার করতে গিয়েছিলেন। শিকারে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। জামাল উদ্দিন তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে বনে গিয়েছিলেন।
জানতে চাইলে ওসি বলেন, হরিণকে লক্ষ্য করে গুলি ছোড়া হলেও গুলি হরিণের লাগেনি। এ ঘটনায় শিকারি জামাল উদ্দিন পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে রাউজান থানার এলাকায়। তারাই পরবর্তী পদক্ষেপ নেবে।