হাবল টেলিস্কোপে ধরা পড়ল বিরল মহাজাগতিক দৃশ্য
· Prothom Alo

অনন্ত মহাবিশ্বের সীমানায় প্রতিনিয়ত ঘটে চলেছে শত শত মহাজাগতিক ঘটনা। আমাদের চেনা পৃথিবীর বাইরে বহু আলোকবর্ষ দূরে থাকা গ্যালাক্সি বা ছায়াপথগুলো নিজেদের মধ্যে মহাকর্ষীয় শক্তির খেলায় মেতে থাকার কারণে অনেক সময় দুটি বিশাল গ্যালাক্সি এত কাছাকাছি চলে আসে যে তারা একে অপরকে নিজের দিকে টানতে শুরু করে। এবার দূর মহাকাশে তেমনই দুটি গ্যালাক্সির একে অপরের সঙ্গে মিশে যাওয়ার মহাজাগতিক দৃশ্য নিজের ক্যামেরায় ধারণ করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ।
Visit freshyourfeel.org for more information.
নাসার তথ্যমতে, দুটি গ্যালাক্সি অত্যন্ত কাছাকাছি এসে একে অপরের ওপর মহাকর্ষীয় টান সৃষ্টি করছে এবং নিজেদের মধ্যে একীভূত বা মিশে যাওয়ার প্রাথমিক ধাপে প্রবেশ করেছে। পৃথিবী থেকে অনেক দূরে ঘটে চলা এই মহাজাগতিক সংঘর্ষের গতিশীল রূপটি বিজ্ঞানীদের খুব কাছ থেকে দেখার এক বিরল সুযোগ করে দিয়েছে হাবল স্পেস টেলিস্কোপ।
হাবল স্পেস টেলিস্কোপের ধারণ করা ছবিতে দেখা গেছে, পরস্পর মিথস্ক্রিয়াশীল ‘এনজিসি ৫৩৩১’ নামের গ্যালাক্সি দুটি একে অপরের দিকে নিজেদের গ্যাস ও নক্ষত্রের বাহু প্রসারিত করতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে, গ্যালাক্সি দুটি যেন একে অপরের হাত ধরে মহাজাগতিক নৃত্যে মেতে উঠেছে। চমৎকার এই ছবির ডান দিকে মহাজাগতিক উপাদানের একটি উজ্জ্বল নীল রঙের স্রোত বা লেজ প্রবাহিত হতে দেখা যাচ্ছে, যা গ্যালাক্সির অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।
মহাজাগতিক মানচিত্র অনুযায়ী, এনজিসি ৫৩৩১ গ্যালাক্সি দুটি কন্যা রাশি বা ভার্গো নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে, যাকে জ্যোতির্বিজ্ঞানে দ্য মেইডেন বলেও অভিহিত করা হয়। এই দূরবর্তী গ্যালাক্সি দুটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৪৫ কোটি আলোকবর্ষ দূরে গভীর মহাকাশে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, গ্যালাক্সি দুটির উজ্জ্বলতা বা লুমিনোসিটি আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্যের তুলনায় প্রায় ১০ হাজার কোটি গুণ বেশি। আর তাই গ্যালাক্সি দুটিকে ইনফ্রারেড বা অবলোহিত আলোয় অবিশ্বাস্য রকমের উজ্জ্বল দেখা যায়।
সূত্র: এনডিটিভি