এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্রের সময় পরিকল্পনা
· Prothom Alo
বাংলা ২য় পত্র: পরামর্শ
Visit freshyourfeel.com for more information.
এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু বহুনির্বাচনি প্রশ্ন নেই। সব কটি প্রশ্নই রচনামূলক। মনে রেখো, ব্যাকরণ ও নির্মিতি অংশ মিলিয়ে তোমাকে মোট ১২টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সময় পাবে ৩ ঘণ্টা বা ১৮০ মিনিট।
বেশি নম্বর পাওয়ার একমাত্র উপায় হলো বাংলা দ্বিতীয় পত্রে ১২টি প্রশ্নের উত্তর যথাযথ পরীক্ষার খাতায় লেখা। আর তা করতে প্রয়োজন এই পরীক্ষায় সঠিক ‘টাইম ম্যানেজমেন্ট’ বা ‘সময় পরিকল্পনা’ করা।
∎ দুটি অংশ
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে রয়েছে দুটি অংশ:
১. ব্যাকরণ অংশ
২. নির্মিতি অংশ।
ব্যাকরণ অংশের নম্বর ৩০, উত্তর করতে হবে ছয়টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের একটি করে ‘বিকল্প প্রশ্ন’ থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ৫। তাই প্রশ্ন নির্বাচন করার সুযোগ আছে। আর নির্মিতি অংশে নম্বর থাকবে ৭০, উত্তর করতে হবে ছয়টি প্রশ্নের। প্রতি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে। এখানেও প্রশ্ন বাছাই করার সুযোগ পাবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১০ করে, শুধু ‘প্রবন্ধ লিখন’ প্রশ্নে নম্বর থাকবে ২০।
∎ প্রশ্ন নির্বাচন
বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রটি হাতে পেয়েই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে। তারপর তোমার প্রশ্ন থেকে ‘সঠিক প্রশ্নটি’ নির্বাচন করবে। বাংলা দ্বিতীয় পত্রে মোট ২৩টি প্রশ্ন তোমাকে পড়তে হবে। প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে, তাই যে প্রশ্নের উত্তর তোমার ভালো জানা, সেগুলোর উত্তর লিখবে। যে প্রশ্নের উত্তর করতে চাও, সে প্রশ্নগুলো আগে দাগ দিয়ে রাখতে পারো। তাতে নির্বাচিত প্রশ্নগুলো সহজেই চোখে পড়বে। আর প্রশ্নপত্র পড়ে ‘প্রশ্ন নির্বাচন’ করতে তুমি সময় পাবে মাত্র ৫ মিনিট।
∎ ব্যাকরণ অংশ
১. প্রথম প্রশ্নটি বাংলা উচ্চারণের নিয়ম অথবা শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে। নম্বর থাকবে ৫। যে প্রশ্নটি ভালো পারবে, তা লিখবে। প্রশ্ন এক বা দুই পৃষ্ঠার মধ্যে লিখবে। সময় নেবে ১০ মিনিট।
২. দ্বিতীয় প্রশ্নটি থাকবে বাংলা বানানের নিয়ম অথবা শব্দের ভুল বানান শুদ্ধ করে লেখো। নম্বর থাকবে ৫। ভালো নম্বর পেতে ‘ভুল শব্দের শুদ্ধ বানান’ প্রশ্নটির উত্তর করবে। সময় ১০ মিনিট।
৩. তৃতীয় প্রশ্নটি থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণি অথবা অনুচ্ছেদ থেকে শব্দ নির্দেশকরণ। নম্বর থাকবে ৫। অনুচ্ছেদ থেকে শব্দশ্রেণি নির্দেশকরণ লিখলে বেশি নম্বর পাবে। সময় নেবে ৬ মিনিট।
৪. চার নম্বর প্রশ্নটি থাকবে বাংলা শব্দ গঠন অথবা ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়। নম্বর থাকবে ৫। তুমি ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় প্রশ্নের উত্তর লিখবে বেশি নম্বর পাবে। সময় নেবে ৭ মিনিট।
৫. পঞ্চম প্রশ্নটি হবে বাক্যতত্ত্ব অথবা বাক্য রূপান্তর নিয়ে। নম্বর থাকবে ৫। তুমি সময় বাঁচানোর জন্য বাক্য রূপান্তর প্রশ্নটি লিখবে। তুমি সময় পাবে ১০ মিনিট।
৬. ষষ্ঠ প্রশ্নটি থাকবে বাংলা ভাষার অপপ্রয়োগ অথবা অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করে লেখো। নম্বর থাকবে ৫। অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করে লিখলেই পূর্ণ নম্বর পাবে। প্রশ্নের উত্তর খাতার পূর্ণ এক পৃষ্ঠায় লিখবে। সময় নেবে ৭ মিনিট।
∎ নির্মিতি অংশ
৭. নির্মিতি অংশের সাত নম্বর প্রশ্নটি থাকবে বাংলা অনুবাদ অথবা পারিভাষিক শব্দ। নম্বর থাকবে ১০। তুমি পূর্ণ নম্বর পেতে পারিভাষিক শব্দের উত্তর দেবে, লিখবে এক পৃষ্ঠায়। সময় নেবে ১০ মিনিট।
৮. আট নম্বর প্রশ্ন থাকবে দিনলিপি লেখা/অভিজ্ঞতা বর্ণনা অথবা ভাষণ/ প্রতিবেদন লিখন। এতে নম্বর ১০। তুমি অবশ্যই প্রতিবেদনটি লিখবে। খাতায় দুই থেকে তিন পৃষ্ঠায় লিখবে। সময় নেবে ২০ মিনিট।
৯. ৯ নম্বর প্রশ্নটি হবে বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা অথবা পত্রলিখন/আবেদনপত্র লেখার ওপর। নম্বর থাকবে ১০। এটি কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের ই-মেইল লেখার মতো। ই-মেইল বিষয়ে তোমার প্রস্তুতি অনেক ভালো। তাই তুমি বৈদ্যুতিন চিঠি উত্তর করবে। এটি দুই পৃষ্ঠায় লিখবে। সময় পাবে ১৫ মিনিট।
১০. দশম প্রশ্নটি থাকবে সারাংশ/সারমর্ম/সারসংক্ষেপ অথবা ভাবসম্প্রসারণ লেখো। নম্বর থাকবে ১০। সারমর্ম লিখলে এক পৃষ্ঠায় আর ভাবসম্প্রসারণ লিখলে তিন পৃষ্ঠায় লিখবে। এখানে তুমি ভালো পারো বা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করো, সেই প্রশ্ন লিখবে। আর ভাবসম্প্রসারণ লিখলে সময় নেবে ১৫ মিনিট।
১১. একাদশ প্রশ্নটি হবে সংলাপ অথবা খুদে গল্প লেখার ওপর। নম্বর থাকবে ১০। সংলাপ লেখা প্রশ্নটি উত্তর করবে। এটি লেখা সহজ, কিন্তু নম্বর বেশি। তুমি দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে সংলাপ লেখা শেষ করবে। সময় নেবে ১৫ মিনিট।
১২. শেষ প্রশ্নটি হবে প্রবন্ধ লেখার ওপর। নম্বর থাকবে ২০। পাঁচটি প্রবন্ধ থেকে একটি প্রবন্ধ লিখতে হবে। তুমি যে বিষয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য পাও, তা নিয়ে প্রবন্ধ লিখবে। কমপক্ষে পাঁচ থেকে ছয় পৃষ্ঠা প্রবন্ধ লিখতে হবে। সময় পাবে ৪৫ মিনিট।
∎ লেখা শেষে রিভিশন
পরীক্ষা শেষ। খাতায় লেখা শেষ করে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে অবশ্যই ‘END’ বা ‘সমাপ্ত’ লিখবে। খাতাটি অবশ্যই রিভিশন দেবে। রিভিশন দিলে খাতায় ছোট-বড় কোনো ভুল করে থাকলে তা শুধরে নিতে পারবে। তাই তুমি খাতা রিভিশন দেওয়ার জন্য সময় রাখবে মাত্র ৫ মিনিট।
∎ একনজরে ১৮০ মিনিট সময় পরিকল্পনা
প্রশ্নপত্র পড়া ও নির্বাচনে সময় রাখবে ৫ মিনিট
লেখা শেষে খাতা রিভিশন দিতে সময় রাখবে ৫ মিনিট
# ব্যাকরণ অংশ
১. প্রথম প্রশ্ন লিখতে সময় নেবে ১০ মিনিট
২. দ্বিতীয় প্রশ্ন লিখতে সময় নেবে ১০ মিনিট
৩. তৃতীয় প্রশ্ন লিখতে সময় নেবে ৬ মিনিট
৪. চতুর্থ প্রশ্ন লিখতে সময় নেবে ৭ মিনিট
৫. পঞ্চম প্রশ্ন লিখতে সময় নেবে ১০ মিনিট
৬. ষষ্ঠ প্রশ্ন লিখতে সময় নেবে ৭ মিনিট
# নির্মিতি অংশ
৭. সপ্তম প্রশ্ন লিখতে সময় নেবে ১০ মিনিট
৮. অষ্টম প্রশ্ন লিখতে সময় নেবে ২০ মিনিট
৯. নবম প্রশ্ন লিখতে সময় নেবে ১৫ মিনিট
১০. দশম প্রশ্ন লিখতে সময় নেবে ১৫ মিনিট
১১. একাদশ প্রশ্ন লিখতে সময় নেবে ১৫ মিনিট
১২. শেষ প্রশ্ন প্রবন্ধ লিখতে সময় নেবে ৪৫ মিনিট।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা