কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে কাল থেকে
· Prothom Alo

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ভারী বর্ষণের কারণে পাঁচ দিন ধরে চট্টগ্রাম নগরের শমসের পাড়া এলাকায় রেলপথ ডুবে ছিল। আজ শনিবার বিকেলে রেললাইন থেকে পানি সরে যেতে শুরু করায় ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
Visit afsport.lat for more information.
ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ। তিনি আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে জানান, এখন রেললাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে। আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে গত মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এ সময় দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে যায় রেলপথ। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নামলেও শমসের পাড়ায় পানি জমেছিল।
রেলপথ তলিয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুরে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকে পড়ে। পরে তা ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর রাতে চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।
চালুর অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় রেলপথ হয়ে ওঠে কক্সবাজার রেললাইন। এই লেনে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে। এসব ট্রেনে করে প্রতিদিন ৮–৯ হাজার যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে ঢাকা থেকে চলাচল করা বিরতিহীন ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি থাকে।