টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল গাছ
· Prothom Alo

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি বাসের ওপর একটি কৃষ্ণচূড়াগাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Visit fish-roadgame.online for more information.
টানা বৃষ্টির মধ্যে আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
তারেক বিন আতিক প্রথম আলোকে বলেন, গাছটি বেশ পুরোনো। টানা বৃষ্টির কারণে গাছটির শিকড় নরম হয়ে গিয়েছিল। এ কারণে গাছটি উপড়ে বাসের ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীতে গতকাল শনিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়। আজ ভোরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এখনো বৃষ্টি চলছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, বাসটি মিরপুর রুটে চলাচল করে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের এই বাসে করে আনা–নেওয়া করা হয়। আজ সকাল আটটার দিকে বাসটি বিশ্ববিদ্যালয়ে এসে কর্মকর্তা–কর্মচারীদের নামায়। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বাসটি রাখা হয়। বাসের পাশেই ছিল একটি কৃষ্ণচূড়াগাছ।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর ভাষ্য, বৃষ্টির মধ্যে হঠাৎ কৃষ্ণচূড়াগাছটি উপড়ে বাসের ওপর পড়ে। ঘটনার সময় বাসটিতে কেউ ছিলেন না। তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাছের আঘাতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে গেছে।
দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি কেটে সরানোর কাজ শুরু করেন। গাছ সরিয়ে বাসটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আলী উল আজিম প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।