উখিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ ৩ জন নিহত
· Prothom Alo

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Visit catcross.biz for more information.
আজ সোমবার বেলা দুইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। স্থানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাঁরা হলেন রুবিনা আক্তার ও তাঁর বোন শাহিনা আক্তার। তাঁরা উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহত পুরুষের পরিচয় শনাক্ত করা যায়নি। অন্যদিকে আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পারিবারিক মামলায় হাজিরা দিতে দুই বোন উখিয়া থেকে কক্সবাজার আদালতে যান। আদালতের কাজ শেষ করে বেলা দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বেলা দুইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী আবদুল গফুর বলেন, ঘটনার সময় তিনি সন্তানদের নিয়ে কোচিংয়ে যাচ্ছিলেন। তাঁর চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।