ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা

· Prothom Alo

কোনো ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের সদস্যপদ থাকবে না। অর্থাৎ ব্যবসা করেন না, এমন কেউ বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না। দেশের বাণিজ্য সংগঠনগুলোতে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব নিশ্চিত করতে এমন বিধান রেখেই নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।

এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনে (এফবিসিসিআই) স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতেও বাণিজ্য সংগঠন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সব পদে সরাসরি ভোটের বিধান তুলে দেওয়া হচ্ছে। অতীতের মতো প্রথমে পরিচালক পদে নির্বাচন হবে। পরে নির্বাচিত পরিচালকেরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। একই সঙ্গে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আকার ৪৬ থেকে বাড়িয়ে ৫২ করা হচ্ছে। দুই বছর আগে এই পর্ষদের আকার ছিল ৮০ সদস্যের।

Visit tr-sport.click for more information.

এফবিসিসিআইয়ের মতো অন্যান্য বাণিজ্য সংগঠনও সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেতে যাচ্ছে। তারাও আগের নিয়মে নির্বাচন করতে পারবে। তবে এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠনের পরিচালনা পর্ষদে পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর এক মেয়াদ বিরতি দেওয়ার বিধান আগের মতোই থাকছে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করেছে। বর্তমানে বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন আকারে এটি জারি করা হবে।

১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ বাতিল করে ২০২২ সালে নতুন বাণিজ্য সংগঠন আইন প্রণয়ন করে সরকার। এ আইনের ভিত্তিতে বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে সাবেক অন্তর্বর্তী সরকার।

গত বছরের মে মাসে প্রজ্ঞাপন জারির পর এফবিসিসিআইয়ের পাশাপাশি ঢাকা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারসহ বেশ কয়েকটি বাণিজ্য সংগঠন বিধিমালা নিয়ে আপত্তি জানায়। এসব আপত্তির পরিপ্রেক্ষিতে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত সেপ্টেম্বরে এ নিয়ে একটি বৈঠক হলেও পরে প্রক্রিয়াটি শ্লথ হয়ে পড়ে। বিধিমালা সংশোধন না হওয়ায় এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল ঘোষণার পরও ভোট হয়নি। কারণ, বিধিমালা সংশোধনের দাবিতে একাধিক রিট মামলা হয়।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নিয়ে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। গত জুলাইয়ে খসড়া চূড়ান্ত করা হয়। তাতে কিছু পরিবর্তন এনে নতুন বিধিমালা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

* বাণিজ্য সংগঠনের নেতৃত্বে প্রকৃত ব্যবসায়ীদের ফেরাতেই নতুন বিধিমালা।* এফবিসিসিআইয়ে সরাসরি ভোটের বিধান তুলে দেওয়া হচ্ছে।* পরপর দুই বছর ব্যবসায়িক কার্যক্রম না থাকলে সদস্যপদ স্থগিত। পরের বছরও লেনদেন হলে সদস্যপদ বাতিল।* সব বাণিজ্য সংগঠনে সভাপতি ও সহসভাপতি পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে।* একজন ব্যবসায়ীর একাধিক সদস্যপদ থাকলেও ভোট দিতে পারবেন একটি।* এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ ৪৬ থেকে বেড়ে ৫২ সদস্যের হচ্ছে।

ব্যবসা না থাকলে সদস্যপদও নয়

এত দিন কোনো ব্যবসা সচল নাকি বন্ধ, তা বাণিজ্য সংগঠনের সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষেত্রে প্রভাব ফেলত না। তবে নতুন বিধিমালায় এ বিষয়ে স্পষ্ট বিধান রাখা হচ্ছে। যেমন পরপর দুই বছর কোনো নির্দিষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত না থাকলে কিংবা ওই ব্যবসায়ে কোনো টার্নওভার তথা লেনদেন না হলে বাণিজ্য সংগঠনের সদস্যপদ স্থগিত হবে। এরপরের এক বছরও ব্যবসায়ে লেনদেন না থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে।

এ ছাড়া কোনো সদস্যের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে ভোক্তা বা ক্রেতার পক্ষ থেকে অনিয়ম, ত্রুটি বা অন্য কোনো বিষয়ে লিখিত অভিযোগ এলে সংশ্লিষ্ট সংগঠনের কার্যনির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদ তা যাচাই-বাছাই ও তদন্ত করে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করবে সংগঠন।

এদিকে ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হওয়ার সুযোগ সীমিত করার উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের বর্তমান সভাপতি তাসকীন আহমেদ। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, অবশ্যই এটি খুবই ভালো উদ্যোগ। কারণ ব্যবসার ‘ব’ও জানা না থাকলে বাণিজ্য সংগঠনে নেতৃত্ব দেওয়ার লোকের কমতি হয় না। ব্যবসা না থাকলে নেতা হওয়ার সুযোগ সীমিত হলে সংগঠনগুলো আগাছা নেতৃত্ব থেকে রেহাই পাবে। প্রকৃত ব্যবসায়ীরা নেতৃত্বে আসার সুযোগ পাবেন।

অপর এক প্রশ্নের জবাবে তাসকীন আহমেদ বলেন, ‘বিধিমালায় আমরা যেসব সংশোধনের প্রস্তাব করেছিলাম, সেগুলো থাকছে বলে শুনেছি।’

ফজলুল হক, প্রশাসক, এফবিসিসিআইবিধিমালার প্রজ্ঞাপন জারি হলে তিন-চার দিনের মধ্যে সহায়ক কমিটির সঙ্গে বৈঠক করে আপিল বোর্ড ও নির্বাচন বোর্ড গঠন করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।

সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা নয়

এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সভাপতি ও সহসভাপতিসহ সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে। বিধিমালার খসড়ায় বলা হয়েছে, বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের ভোটাধিকার, নির্বাচন ও নেতৃত্বসংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী নির্ধারিত হবে।

তবে সরাসরি ভোটের বাধ্যবাধকতা তুলে দেওয়া হলেও পরিচালনা পর্ষদে কোনো ব্যবসায়ী পরপর দুই মেয়াদ দায়িত্ব পালন করলে তাঁকে এক মেয়াদ বিরতি দিয়ে পরবর্তী নির্বাচনে অংশ নিতে হবে। এ বিধান এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠনের জন্য প্রযোজ্য হবে। তবে সাধারণ সদস্যসংখ্যা ৫০-এর কম, এমন বাণিজ্য সংগঠনের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না।

খসড়া বিধিমালা অনুযায়ী, কোনো বাণিজ্য সংগঠনে একজন ব্যক্তির একাধিক সদস্যপদ থাকলেও তিনি একটির বেশি ভোট দিতে পারবেন না। তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নির্বাচনে একজন ব্যবসায়ী তাঁর যতগুলো কারখানা রয়েছে, ততগুলো ভোট দিতে পারেন। নতুন বিধিমালায় সেই সুযোগ আর থাকবে না।

তাসকীন আহমেদ, সভাপতি, ঢাকা চেম্বারঅবশ্যই এটি খুবই ভালো উদ্যোগ। কারণ ব্যবসার ‘ব’ও জানা না থাকলে বাণিজ্য সংগঠনে নেতৃত্ব দেওয়ার লোকের কমতি হয় না। ব্যবসা না থাকলে নেতা হওয়ার সুযোগ সীমিত হলে সংগঠনগুলো আগাছা নেতৃত্ব থেকে রেহাই পাবে।

এফবিসিসিআইয়ের পর্ষদে পদ বাড়ছে

বর্তমান বিধিমালায় ফেডারেশনের পরিচালনা পর্ষদ ৪৬ সদস্যের। নতুন বিধিমালায় দুটি সহসভাপতি ও চারটি মনোনীত পরিচালক পদ বাড়িয়ে পর্ষদের আকার ৫২ জন করা হচ্ছে। এ ছাড়া চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের মনোনীত পরিচালক ১২ থেকে বাড়িয়ে ১৪ জন করা হবে। উভয় গ্রুপ থেকে সাতজন করে।

দুই বছর আগে অবশ্য এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ ছিল ৮০ সদস্যের। এর মধ্যে মনোনীত পরিচালক ছিলেন ৩৪ জন। নির্বাচন ছাড়াই এতগুলো পরিচালক পদ থাকায় ব্যবসায়ীদের অনেকেই বিরক্ত ছিলেন।

নতুন বিধিমালা অনুযায়ী, ৩৬টি পরিচালক পদে সরাসরি ভোট হবে। সেই সঙ্গে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সাতজন করে ১৪ জন এবং নারী চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে একজন করে দুজন মনোনীত পরিচালক পর্ষদে আসবেন। এরপর পরিচালকেরা নিজেদের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও চারজন সহসভাপতি নির্বাচিত করবেন।

এফবিসিসিআইয়ের পর্ষদে মনোনীত পরিচালকেরা যেসব সংগঠন থেকে আসবেন—ঢাকা চেম্বার, চট্টগ্রাম চেম্বার, রাজশাহী চেম্বার, খুলনা চেম্বার, সিলেট চেম্বার, মেট্রো চেম্বার (এমসিসিআই) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)। অ্যাসোসিয়েশনগুলোর মনোনীত পরিচালকদের নেওয়া হবে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ওষুধ শিল্প সমিতি, বিএবি, বিপিজিএমইএ ও এফএলএএক্সএ এসব সংগঠন থেকে। এ ছাড়া উইমেন চেম্বার ও উইমেন ইন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন থেকে একজন করে মনোনীত পরিচালক যুক্ত হবেন।

এদিকে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য বাড়লেও সাধারণ পর্ষদের সদস্যসংখ্যা কমতে যাচ্ছে। খসড়া বিধিমালা অনুযায়ী, ‘ক’ শ্রেণির পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন বা অ্যাসোসিয়েশন থেকে পাঁচজনের পরিবর্তে তিনজন এবং ‘খ’ শ্রেণির অ্যাসোসিয়েশন থেকে তিনজনের পরিবর্তে দুজন সদস্য সাধারণ পর্ষদে আসবেন। অন্যদিকে পাঁচ শ্রেণির চেম্বার থেকে ছয়জনের পরিবর্তে চারজন সাধারণ পর্ষদে আসার সুযোগ পাবেন। এ ছাড়া ‘খ’ শ্রেণির চেম্বার থেকে চারজনের পরিবর্তে তিনজন এবং ‘গ’ শ্রেণির অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে আগের মতোই একজন করে সদস্য থাকবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের তৎকালীন পর্ষদের পদত্যাগের দাবিতে সোচ্চার হন সংগঠনটির সদস্যদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে তখনকার সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় একজন প্রশাসক নিয়োগ দেয়। দুজন প্রশাসক তাঁদের মেয়াদ শেষ করে চলে গেছেন। তবে নির্বাচন হয়নি। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী ফজলুল হক।

জানতে চাইলে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা কেমন হচ্ছে, সে সম্পর্কে ধারণা নেই। তবে প্রকৃত ব্যবসায়ীরা যাতে বাণিজ্য সংগঠনের নেতৃত্বে আসতে পারেন, তেমন বিধিবিধান থাকবে বলে আমরা আশা করছি।’ তিনি আরও বলেন, বিধিমালার প্রজ্ঞাপন জারি হলে তিন-চার দিনের মধ্যে সহায়ক কমিটির সঙ্গে বৈঠক করে আপিল বোর্ড ও নির্বাচন বোর্ড গঠন করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।’

Read full story at source