আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ

· Prothom Alo

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ’। সেখানে বক্তারা বলেন, বর্তমান সরকারকে এটা বিবেচনায় নিতে হবে—কেবল সরকারি বাহিনী দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে যেমন উচ্ছেদ করা যায় না। তেমনি ফ্যাসিবাদীদের এসব চক্রান্তকেও রুখে দেওয়া যায় না।

Visit esporist.org for more information.

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উঠে আসে অন্যায়, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক প্রতিরোধের প্রত্যয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোনো দেশের গণতন্ত্র কেবল সরকার বা বাহিনী দিয়ে টিকিয়ে রাখা যায় না। যদি সেই দেশের জনগণ সেই দেশকে পাহারা না দেয়, সেই দেশের জনগণ যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক মুক্তির স্বাদ না পায়, তাহলে কোনো দেশেই সত্যিকার অর্থে কোনো রকম শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ২০২৩ সালে এই জায়গায় দাঁড়িয়েই তাঁরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছিলেন। তখনো তাঁরা শেখ হাসিনা ও তাঁর পেটোয়া বাহিনীকে ভয় পাননি। জনগণের রোষে ২০২৪ সালে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তাই তাঁকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

এহসান মাহমুদ আরও বলেন, দেশ ছেড়ে পালানোর পরও আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করা, সাম্প্রদায়িক উসকানি দেওয়া এবং নিরীহ মানুষের বাসভবনে আগুন দেওয়ার মধ্য দিয়ে তাদের চরিত্র উন্মোচন করেছে।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের মশাল মিছিল। শাহবাগ, ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার বলেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ এখনো মুক্ত হতে পারেনি। বিচার বিভাগকে স্বাধীন করা, শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা জরুরি। বর্তমান সরকার জনগণের ভোটের মর্যাদা না দিলে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ না করলে জনগণের ঐক্য ধরে রাখা কঠিন হবে।

শিল্পী অমল আকাশ বলেন, ‘বড় বাস্তবতা হচ্ছে, আমরা ভৌগোলিক ও রাজনৈতিকভাবে ভারতের দ্বারা অকুপাইড। ভারতের চক্রান্ত চলতে থাকবে এবং শেখ হাসিনাকে নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব চক্রান্ত মোকাবিলায় বাংলাদেশের জনগণের ঐক্য জরুরি। জনগণের পক্ষের সরকার না হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। কোনো সরকারি দল বা বাহিনী নয়, দেশের জনগণই দেশকে রক্ষা করবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক জাসাস সভাপতি রেজাবু্দ্দৌলা চৌধুরী, লেখক-সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র,  কবি মোহাম্মাদ রোমেল, সাইয়েদ জামিল, লেখক- অধিকারকর্মী মাহবুব নাহিদ, বাকি বিল্লাহ, এরশাদ নাবিল খান, দীপান্ত রায়হান প্রমুখ।

সমাবেশ শেষে একটি মশালমিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।

Read full story at source