বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী?
· Prothom Alo

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম নির্বাচিত প্রতিনিধি, চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া—এরপর হঠাৎ করেই পর্দার আড়ালে চলে যাওয়া। ২০ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের কোথাও নেই। সাথী বিলকিস ইয়াসমীন এখন ব্যস্ত করপোরেট জগতে। প্রায় তিন দশক আগের সেই যাত্রা, চলচ্চিত্রে আসা-যাওয়া এবং বর্তমান জীবন নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। সাথীর খোঁজখবর নিলেন মনজুর কাদের
১৯৯৪ সাল। ঢাকার গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন সাথী বিলকিস ইয়াসমীন। প্রতিযোগিতা দেখতে দেখতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মায়ের বকুনি শুনতে হয়েছিল তাঁকে। তখন মাকে মজা করে বলেছিলেন, ‘তুমি আমাকে টেলিভিশন দেখতে দিচ্ছ না, একদিন দেখবে, আমিই সেখানে যাচ্ছি।’ কথাটা ছিল অনেকটা খুনসুটি করে বলা। কিন্তু পরের বছরই সেই কথার বাস্তব রূপ দেখলেন তাঁর মা। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশ নেন সাথী।
সাথী বিলকিস ইয়াসমীন এখনএরপর চলচ্চিত্রে অভিনয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া—সব মিলিয়ে তাঁর জীবনে এসেছিল নানা বাঁক। কিন্তু যে পথে তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছিল, সেই অভিনয়জগৎ থেকে একসময় নিজেকে সরিয়ে নেন সাথী। এখন তাঁর পরিচয় করপোরেট জগতের একজন পেশাজীবী হিসেবে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। অভিনয় কিংবা চলচ্চিত্রসংশ্লিষ্ট আড্ডায় তাঁকে একেবারেই দেখা যায় না। তবে বিনোদন অঙ্গনের পুরোনো দিনের সবকিছু তাঁর কাছে দারুণ একটি অধ্যায় হয়ে আছে।
Visit biznow.biz for more information.
নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে সাথী প্রথম আলোকে জানান—কীভাবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন, চলচ্চিত্রে কেন এলেন, আবার কেনই-বা অভিনয় থেকে দূরে সরে গেলেন। সেই আলোচনায় উঠে এসেছে তাঁর বর্তমান জীবন, পুরোনো অর্জন এবং নতুন প্রজন্মের নারীদের জন্য কিছু পরামর্শও।
মায়ের বকুনি থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে
১৯৯৪ সালে ঢাকার একটি ইংরেজি মিডিয়াম স্কুল থেকে ‘এ’ লেভেল পরীক্ষা শেষে করে কোচিং করছিলেন সাথী। থাকতেন ঢাকার গুলশানে। একদিন গুলশানের বাসায় বসে টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন। সেখানে ছিলেন ঐশ্বরিয়া রাই। মেয়েকে টেলিভিশন দেখতে দেখে মা ইয়াসমিন মতিন বলেছিলেন পড়তে বসতে। সাথী তখন মজা করে বলেছিলেন, একদিন তাঁকেও বিশ্বসুন্দরীর মঞ্চে দেখা যাবে।
পরের বছর পত্রিকায় বিজ্ঞাপন দেখে সে কথাই মনে পড়ে সাথীর। লন্ডনের একটি প্রতিষ্ঠান ঢাকায় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করবে। আগ্রহীদের জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছিল। সাথী মাকে জিজ্ঞেস করলেন, আবেদন করতে পারবেন কি না। মা সরাসরি বলে দিলেন, মডেলিং নিয়ে তাঁর কোনো আইডিয়া নেই। কিন্তু সাথী চেয়েছিলেন চেষ্টা করে দেখতে।
তিন বোনের মধ্যে সবার বড় সাথী। মেজ বোন সাবা রেজা গুলশানের বাড়িতে সাথীর কয়েকটি ছবি তুলে দেন। ছিল না পেশাদার সাজসজ্জা কিংবা বিশেষ কোনো প্রস্তুতি। সামান্য লিপস্টিক ও মাসকারা ব্যবহার করে ছবি তোলেন তিনি। সঙ্গে লিখেছিলেন, কেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের জন্য ডাক পান। প্রস্তুতি নিতে বাংলাদেশের ইতিহাস, বিভিন্ন দেশের পরিস্থিতি ও সাধারণ জ্ঞান সম্পর্কে পড়াশোনা করেন। সাথী বলেন, ‘যত দূর মনে পড়ে, সাক্ষাৎকারটি ছিল প্রায় এক ঘণ্টার, মগবাজারের একটি চায়নিজ রেস্টুরেন্টে। সেখানে বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী—নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। মনে হচ্ছিল, সাধারণ জ্ঞানের পরীক্ষাই দিতে গেছেন। সাক্ষাৎকার নিতে লন্ডন থেকে মিস্টার দানেশ আহমেদ নামের একজন এসেছিলেন। এখানকার কয়েকজনও ছিলেন; কিন্তু এই মুহূর্তে সবার কথা মনে পড়ছে না।’
সাথী বিলকিস ইয়াসমীন১৯৯৫ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন হয় ঢাকার ঈশা খাঁ হোটেলে। সাথী ইয়াসমীনের প্রতিযোগিতার মঞ্চে ওঠার অভিজ্ঞতা অবশ্য সহজ ছিল না। মঞ্চের পেছন থেকে অনেক মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। সেদিনের কথা মনে করে সাথী বলেন, ‘মাকে বলেছিলাম, এত মানুষের সামনে যাব না। মা তখন মনে করিয়ে দিলেন, এত দূর যখন এসেছ, নিজের ইচ্ছাটা পূরণ করেই ফিরতে হবে।’ শেষ পর্যন্ত মঞ্চে ওঠেন সাথী। বিচারকদের প্রশ্নের উত্তর দেন। একপর্যায়ে নির্বাচিত হন ‘মিস বাংলাদেশ’। তাঁর সামনে খুলে যায় বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ।
সাথী বলেন, তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি খুব বেশি ছিল না। দেশটিকে দারিদ্র্য ও বন্যার মতো বিষয় দিয়েই বাইরের দেশে বেশি চেনানো হতো। কিন্তু বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, শিক্ষিত মানুষ এবং নারীদের প্রতিভা সম্পর্কে বিশ্বকে জানাতে চেয়েছিলেন তিনি। তাঁর কাছে প্রতিযোগিতাটি ছিল শুধু সৌন্দর্য প্রদর্শনের মঞ্চ নয়, দেশের পরিচয় তুলে ধরারও সুযোগ। ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার সেদিনের আয়োজনে বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক রাহাত খান, শফিক রেহমান, লেখক সৈয়দ শামসুল হক ও সংগীতশিল্পী ইয়াসমীন মুশতারী।
ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সাথী বিলকিস ইয়াসমীনমঞ্চে ঐশ্বরিয়া, সামনে নেলসন ম্যান্ডেলা
১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অনুষ্ঠিত হয় বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতির মধ্যে নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা হওয়ার ঘটনাটি আলাদা একটা অধ্যায় হয়ে আছে সাথীর। প্রতিযোগিতার মঞ্চে যখন একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হচ্ছিল তখন এক পর্যায়ে নেলসন ম্যান্ডেলার সঙ্গে করমর্দন করেন সাথী। তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ম্যান্ডেলা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। বিষয়টি সাথীকে বিস্মিত, একই সঙ্গে আনন্দিত করেছিল। বিশ্বজুড়ে পরিচিত একজন নেতা তাঁর দেশের খোঁজখবর নিচ্ছেন—এ অনুভূতি তাঁর কাছে আলাদা গুরুত্ব বহন করে।
সাউথ আফ্রিকার কিংবদন্তি রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাথীকথা প্রসঙ্গে সাথী জানান, ম্যান্ডেলার জীবনসংগ্রামও তাঁকে অনুপ্রাণিত করেছিল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একজন মানুষের দেশের নেতৃত্বে পৌঁছানোর গল্প থেকে তিনি বুঝেছিলেন, বড় অর্জনের পেছনে ধৈর্য, সাহস ও মানুষের জন্য কাজ করার মানসিকতা কতটা জরুরি।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে দেখা হয়েছিল বলিউডের অমিতাভ বচ্চনের সঙ্গেও। ছোটবেলা থেকে তাঁর অভিনয় দেখেছেন সাথী। সামনে থেকে সেই তারকাকে দেখে প্রথমে কিছুটা ঘোরের মধ্যেই ছিলেন। পরে অমিতাভ তাঁকে জিজ্ঞেস করেন, বিশ্বসুন্দরী হলে দেশের জন্য কী করবেন। সাথী জানিয়েছিলেন, শিশুদের জন্য কাজ করার ইচ্ছা আছে তাঁর। তবে শুধু একজন মানুষের পক্ষে বড় পরিবর্তন আনা সম্ভব নয়; সরকার, সমাজ ও বিভিন্ন পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর উত্তর অমিতাভের ভালো লেগেছিল বলে জানান সাথী।
সাক্ষাৎকার দেওয়ার আগে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের অটোগ্রাফ নেন সাথীবিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সাথীর সঙ্গে দেখা হয়েছিল ১৯৯৪ সালের বিশ্বসুন্দরীর মুকুটজয়ী ঐশ্বরিয়া রাইয়ের। তাঁকে ঘিরেও রয়েছে মজার স্মৃতি। তখনকার স্মৃতি মনে করে সাথী বলেন, ‘একটা সময় সামনাসামনি ঐশ্বরিয়া রাই। তিনি আমাকে বলছিলেন, “আমি দূর থেকে তোমাকে দেখছিলাম। তোমাকে দেখতে ঠিক সুস্মিতা সেনের মতো লাগছিল। তোমার সঙ্গে সুস্মিতার চেহারার অনেক মিল রয়েছে।” ঐশ্বরিয়ার মুখ থেকে শোনা এ কথাটা আমার জন্য বেশ অনুপ্রেরণার ছিল। কারণ, সুস্মিতা সেন আমার প্রিয় ছিল। আমাকে তখন বন্ধু ও পরিচিতজনেরা বলত, “তুই দেখতে সুস্মিতা সেনের মতো।”’
বিশ্বসুন্দরী প্রতিযোগীদের পোশাক ও সাজসজ্জার প্রস্তুতিও ছিল আলাদা। সাথীর পোশাকের নকশা বাছাই থেকে শুরু করে উপযোগী পোশাক নির্বাচনের বড় দায়িত্ব নিয়েছিলেন তাঁর মা ইয়াসমীন মতিন। লন্ডনের প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ডিজাইনার রোকসানা সালামও তাঁর পোশাক তৈরি করেছিলেন। এত বছর পরও সেসব পোশাকের কথা মনে আছে তাঁর।
চলচ্চিত্রে আসা, আবার সরে যাওয়া
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছিলেন সাথী। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না তাঁর। নিজেও প্রথমে সিনেমায় কাজ করতে চাননি। নানা এম এ মতিন ছিলেন পরিচালক এহতেশামের বন্ধু। এহতেশামই চেয়েছিলেন, সাথী সিনেমায় অভিনয় করুন। তাঁর উৎসাহেই শেষ পর্যন্ত চলচ্চিত্রে কাজ শুরু করেন সাথী।
অভিনয়ের সুযোগকে জীবনের নানা অভিজ্ঞতা অর্জনের একটি পথ হিসেবে দেখেছিলেন সাথী। তাঁর ভাবনা ছিল, জীবন একটাই; তাই সামনে নতুন কিছু করার সুযোগ এলে তা গ্রহণ করা উচিত। শুধু একটি পরিচয়ের মধ্যে নিজেকে আটকে রাখতে চাননি তিনি।
চলচ্চিত্রে আসার পেছনে সাথীর আরেকটি উদ্দেশ্যও ছিল। তিনি চেয়েছিলেন, বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবে পরিচিতি পাক এবং দেশের চলচ্চিত্র সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা বদলাক। তাঁর মনে হয়েছিল, ভারতের চলচ্চিত্র যেভাবে শিল্পের মর্যাদা পায়, বাংলাদেশের সিনেমার ক্ষেত্রেও তেমন সম্মান তৈরি হওয়া দরকার। শিক্ষিত পরিবারের মেয়েরাও যে চলচ্চিত্রে আসতে পারেন, সেই ধারণাটিও প্রতিষ্ঠিত হোক—এমন ইচ্ছা ছিল তাঁর।
সাথী বিলকিস ইয়াসমীনকয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন সাথী। এহতেশাম পরিচালিত সাথীর প্রথম চলচ্চিত্রের নাম ‘পরদেশী বাবু’, যেখানে সহশিল্পী ছিলেন ফেরদৌস। এরপর মান্নার সঙ্গে ‘আব্বাজান’ ও ‘বীর সৈনিক’, রুবেলের সঙ্গে ‘অন্যায়ের প্রতিশোধ’, শাকিব খানের সঙ্গে ‘বড় মালিক’ এবং সর্বশেষ ‘আহা!’। ‘বীর সৈনিক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান। ‘বীর সৈনিক’ নামের সেই ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমায় অভিনয় করে এমন স্বীকৃতি পাওয়াকে বড় অর্জন মনে করেন সাথী। পুরস্কার পাওয়ার পর তাঁর মা বলেছিলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছ, এর চেয়ে বেশি আর কী চাই!’ সাথীর কাছেও এটি ছিল উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁর মতে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধু অভিনয়ের স্বীকৃতি নয়, রাষ্ট্রের পক্ষ থেকে একজন শিল্পীর কাজকে মর্যাদা দেওয়ার বিষয়ও।
সাথী বিলকিস ইয়াসমীনসর্বশেষ অভিনয় করেন এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা!’ সিনেমায়। প্রচলিত বাণিজ্যিক ছবির বাইরে অন্য ধরনের গল্প ও নির্মাণ দেখতে যাঁরা আগ্রহী, তাঁদের কাছে ছবিটি প্রশংসা পেয়েছিল। ‘আহা!’ নিয়ে দুবাই ও তুরস্কের চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন সাথী। সেখানে বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাও তাঁর স্মৃতিতে আছে। তবে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কিছু সীমাবদ্ধতাও দেখেছিলেন সাথী। শুটিংয়ের পরিবেশ ও চলচ্চিত্রের টিমের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হতো। আবার কোনো সিনেমা দর্শক গ্রহণ করবেন কি না, সেই অনিশ্চয়তাও তাঁকে ভাবাত। সে সময় চলচ্চিত্র নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক আলোচনা ছিল বলেও মনে করেন তিনি। নিজের একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতে চাইতেন সাথী; কোনো বিতর্কে জড়াতে চাননি। অভিনয়ের জন্য পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের কাছ থেকে আন্তরিক সহযোগিতাও পেয়েছিলেন বলে জানান সাথী। কিন্তু অভিনয়কে পেশা হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নিতে চাননি।
করপোরেট জীবনেই এখন ব্যস্ততা
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রে কাজের পর সাথীর জীবনে আসে নতুন অধ্যায়। তাঁর বাবা মোরশেদ রেজা চেয়েছিলেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হোক মেয়ে। পরিবারের বড় সন্তান হিসেবে তাঁর ওপর প্রত্যাশা ছিল বেশি। বাবাও তাঁর জন্য অফিসের ব্যবস্থা করেছিলেন।
সাথী বিলকিস ইয়াসমীনসাথী জানান, পরিবারের কাছ থেকে সব সময় সমর্থন পেয়েছেন তিনি। জীবনের একেক পর্যায়ে একেক ধরনের কাজ করার সুযোগকে গ্রহণ করেছেন। তাঁর কাছে নির্দিষ্ট একটি পরিচয়ের মধ্যে আটকে থাকার চেয়ে নতুন অভিজ্ঞতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ ছিল। এভাবেই ধীরে ধীরে করপোরেট জগতে নিজের জায়গা তৈরি করেন তিনি। বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
সাথী জানান, চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার অর্থ এই নয় যে সেই অধ্যায় তাঁর কাছে মূল্যহীন হয়ে গেছে। বরং বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও অভিনয়—দুটি অভিজ্ঞতাই তাঁকে অনেক কিছু শিখিয়েছে। সাথী বলেন, ‘জীবনের সুযোগগুলো গ্রহণ করতে হয়; কিন্তু কোনো একটি অর্জনকে নিজের সম্পূর্ণ আইডেন্টিটি বানিয়ে ফেলা উচিত নয়।’
প্রায় তিন দশক আগে যে তরুণী বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিশ্বসুন্দরীর মঞ্চে গিয়েছিলেন, তিনি এখনো সেই স্মৃতিকে আগলে রেখেছেন পরম যত্নে। একই সঙ্গে নিজের বর্তমান পরিচয়ও গড়ে তুলেছেন।
মুকুট নয়, পরিচয় তৈরি করাই বড় কথা
নতুন প্রজন্মের নারীদের জন্য সাথীর পরামর্শ, কোনো উপাধি যেন তাঁদের পরিচয়ের সীমা হয়ে না দাঁড়ায়। বরং সেটিকে সামনে এগিয়ে যাওয়ার একটি মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে। বিশ্বসুন্দরী বা অন্য কোনো প্রতিযোগিতার মুকুট অর্জন জীবনের একটি সাফল্য হতে পারে, কিন্তু সেটিই জীবনের সবটুকু নয়। তিনি বলেন, মেয়েদের আরও বড় স্বপ্ন দেখতে হবে, নিজেদের শিক্ষিত করতে হবে এবং নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে। আর্থিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়াও জরুরি। এমন কোনো জায়গায় প্রবেশ করতে ভয় পাওয়া উচিত নয়, যেখানে নিজেকে প্রথমে বেমানান মনে হয়। কখনো কখনো নিজের যোগ্যতায় বিশ্বাস তৈরি হওয়ার আগেই সেই জায়গায় পা রাখতে হয়।’
নিজের জীবনের উদাহরণ টেনে সাথী বলেন, ‘মুকুট খুলে রাখার পরই আমার জীবনের আসল যাত্রা শুরু হয়েছে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ছিল একটি অর্জন; কিন্তু পরবর্তী সময়ে যা কিছু করেছি, তাই আমার জীবনকে বরাবরই নতুনভাবে দেখার সুযোগ করে দিয়েছে।’