মালয়েশিয়ায় সেমিকন এসইএ প্রদর্শনীতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে তিন প্রতিষ্ঠান
· Prothom Alo

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে চলা ‘সেমিকন এসইএ ২০২৬’ প্রদর্শনীতে প্রথমবারের মতো প্রদর্শক হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) তিন সদস্য প্রতিষ্ঠান। মঙ্গলবার থেকে চলা তিন দিনের এ প্রদর্শনীতে নিজেদের তৈরি পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শনের মাধ্যমে সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে বাংলাদেশের প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেড। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসআইএ।
Visit betsport24.es for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনী চলাকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিএসআইএর স্টল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বাংলাদেশের হাইকমিশনার বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরার জন্য বিএসআইএ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করেন।
বিএসআইএর সভাপতি এম এ জব্বার জানিয়েছেন, সংগঠনের প্রতিনিধিরা এর আগে সেমিকন এসইএ প্রদর্শনীতে দর্শনার্থী হিসেবে উপস্থিত থাকলেও এবারই প্রথম প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করছে। এটি বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি নতুন যাত্রার সূচনা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান ও অর্থবহ আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তুলতে আকৃষ্ট করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি আবদুল ঘানি। অনুষ্ঠানে সেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজিত মানোচা এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট লিন্ডা ট্যান উপস্থিত ছিলেন।